ফেরার ইঙ্গিত উসাইন বোল্টের, এবার ক্রিকেটে
নয় বছর আগে পেশাদার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নিয়েছেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট। আটটি অলিম্পিক স্বর্ণপদক জয়ী এই স্প্রিন্ট কিংবদন্তি ট্র্যাকে নয় ফেরার ইঙ্গিত দিলেন ক্রিকেটে। একসময় ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখা এই জ্যামাইকান সুযোগ পেলেই নাকি ক্রিকেট ফিরতে পারেন।
বোল্ট একসময় পেসার হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তাঁর হাইস্কুল ক্রিকেট কোচ পরামর্শ দিয়েছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজেকে পরীক্ষা করার। পরে যা তাকে একজন অ্যাথলেটিক্স কিংবদন্তি হিসেবে গড়ে তোলে।
ক্রিকেট ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে ফিরে আসছে, এবং জ্যামাইকার একটি দল অংশগ্রহণ করবে। বোল্ট জানিয়েছেন, যদি জ্যামাইকা দল তাকে ডাক দেয়, তিনি ক্রিকেট খেলতে প্রস্তুত।
দোহা ম্যারাথনের আগে এসকুয়েরে-কে বোল্ট বলেন, ‘পেশাদার খেলার জীবন থেকে আমি আনন্দের সঙ্গে অবসর নিয়েছি। ক্রিকেটে অনেক দিন খেলিনি, তবে ডাক পেলে আমি ফিরতে প্রস্তুত।’
এর আগে ভারতের এক প্রোমোশনাল অনুষ্ঠানে বোল্ট জানিয়েছিলেন, যদি স্প্রিন্টার না হতেন, তবে নিশ্চয়ই ক্রিকেটার হতেন। ৩৯ বছর বয়সী এই সাবেক স্প্রিন্টার বলেন, ‘নিশ্চয়ই আমি ক্রিকেটার হতাম। হ্যাঁ, আমার মনে হয় যদি আমার ক্রিকেট কোচ না বলতেন, “দেখো, দৌড়ানো চেষ্টা করো”, তাহলে আমি হয়তো ক্রিকেটেই থাকতাম। কারণ আমার বাবা ছিলেন একজন বড় ক্রিকেট ভক্ত, আর বড় হয়ে আমি কেবল ক্রিকেটই জানতাম। সামান্য ফুটবলও খেলেছি, কিন্তু যা জানতাম, তা কেবল ক্রিকেট।’
গতির কারণে পেসার হতে চেয়েছিলেন ‘সুপারম্যান’ বোল্ট, ‘আমি ফাস্ট বোলার ছিলাম, আর আমার কোচ আমাকে দৌড়াতে দেখে বললেন, “ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চেষ্টা করছো না কেন?” আমি চেষ্টা করলাম, এবং আমি খুব ভালো করলাম। প্রতিভা ছিল, এবং সেটাই আমি চালিয়ে গেছি।’
কিংবদন্তি বোল্ট এখনও ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪×১০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক। ১০০ মিটারে ৯.৫৮ এবং ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড গড়া বোল্ট আজও অপ্রতিদ্বন্দ্বী।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: