[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার জানাবে আইসিসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:০১ এএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে টুর্নামেন্টের জন্য ভারতে সফর করবে কি না—এই বিষয়ে আগামী বুধবারের (২১ জানুয়ারি) মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। গত শনিবার ঢাকায় বিসিবির সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছেন আইসিসির প্রতিনিধিরা। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছিলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ। আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। বৈঠকে বিসিবি আবারও তাদের অবস্থান স্পষ্ট করে জানায় যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায়, তবে ভারতের বাইরে।

ওই বৈঠকে আবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কা থাকায় কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। সহ-আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা বিকল্প ভেন্যু হিসেবে স্বাভাবিক পছন্দ। তাই লজিস্টিক জটিলতা ন্যূনতম রেখে গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করে বিসিবি ও আইসিসি। তবে আইসিসি তাদের অবস্থানে অনড় এবং মূল সূচিতে কোনো পরিবর্তন আনতে রাজি নয়।

এই অচলাবস্থা প্রায় তিন সপ্তাহ ধরে চলছে। বিসিবি প্রথমবার তাদের উদ্বেগের কথা জানায় ৪ জানুয়ারি, অথচ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হতে তখন আর মাত্র তিন সপ্তাহ বাকি ছিল (বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি)। বাংলাদেশ উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। পরবর্তী দুই ম্যাচও কলকাতায়, এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।

জানা গেছে, শনিবারের আলোচনায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হয়নি আইসিসি। অর্থাৎ আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে পাঠানো ও বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে। এ ছাড়া আইসিসির পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়, ভারতের মাঠে বাংলাদেশ দলের জন্য কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি নেই।

তাই আইসিসি এখন বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষা করছে। ২০টি অংশগ্রহণকারী দলের কাছে পাঠানো একটি নিরাপত্তা পরামর্শে, যা একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা প্রস্তুত করেছে, ভারতের সামগ্রিক হুমকির মাত্রাকে মাঝারি থেকে উচ্চ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে কোনো দলের জন্য নির্দিষ্ট বা সরাসরি হুমকির কথা সেখানে উল্লেখ করা হয়নি।

আইসিসি-বিসিবি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। যদি বিসিবি বাংলাদেশ দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি বিকল্প দল ঘোষণা করতে পারে, যা বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী হলে স্কটল্যান্ড হতে পারে। শেষ পর্যন্ত বাংলাদেশের খেলা নিয়ে কি সিদ্ধান্ত আসবে, সবই জানা যাবে আগামী বুধবারের মধ্যে।

এই বিরোধের সূত্রপাত হয় যখন বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। সেই সিদ্ধান্তের কোনো কারণ জানানো হয়নি। এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায় যে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না—এবং তখন থেকেই তারা সেই অবস্থানে অনড় রয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর