[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’ নামে নতুন টুর্নামেন্ট চালু করছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:০১ এএম

ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে নতুন লিগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারির প্রথম সপ্তাহে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ-২০২৬’ আয়োজন করতে চেয়েছিল বিসিবি।

মাস খানেক পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি সেই টুর্নামেন্ট। তবে এবার খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দিতে ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আগামী ২৭ জানুয়ারি পর্দা উঠবে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। ২৯ ম্যাচের এই টুর্নামেন্টে দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় এবং অগ্রণী নামে মোট ৮টি দল অংশ নেবে। প্রতিটি দলের স্কোয়াডে থাকবে ১৫ জন করে ক্রিকেটার। পাশাপাশি একজন করে ক্রিকেটারকে রাখা হবে স্ট্যান্ডবাই হিসেবে। তা ছাড়া একজন ম্যানেজার, হেড কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও একজন টিম বয় থাকবেন।

সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (পিকেএসপি) ১ ও ২ নম্বর গ্রাউন্ডের সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠে খেলা হবে। এছাড়া পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) ও ৩০০ ফিটের ক্রিকেটারর্স একাডেমি গ্রাউন্ডে ম্যাচ আয়োজিত হবে। প্রতিদিন চারটি করে ম্যাচ হবে।

সিসিডিএম ভিত্তিক বয়সভিত্তিক দলের নির্বাচকরা খেলোয়াড়দের গ্রেড নির্ধারণ করবেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমের প্রাধান্য পাবে। মোট ৪টি ক্যাটাগরি হবে। যেখানে ‘এ+’ এর সঙ্গে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হবে। ক্যাটাগরি অনুসারে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি দেয়া হবে। টুর্নামেন্টটি সিঙ্গেল লিগ সিস্টেমে অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের সেরা দুটি দল খেলবে ফাইনাল।

টুর্নামেন্টটির আয়োজক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। সহ-সভাপতির দায়িত্বে আছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন ও মেম্বার সেক্রেটারি হিসেবে আছেন ফাইয়াজুর রহমান। সদস্য হিসেবে আছেন ইশতিয়াক সাদিক, আহসান ইকবাল চৌধুরি এবং আমজাদ হোসেন। এছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক, খাবার, ট্রান্সপোর্ট, ম্যাচ অপারেশন্স, লজিস্টিকস ও সব ধরনের সুযোগ-সুবিধা সরবরাহ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর