[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তানের বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পেলেন ৬ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই টুর্নামেন্টটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আলী আগার নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে। তবে স্কোয়াডে নেই উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আকিব জাভেদ। এসময় তার পাশে উপস্থিত ছিলেন টি–টোয়েন্টি অধিনায়ক সালমান ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন।

ঘোষিত দলে থাকা অধিনায়ক সালমান, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পেলেন। স্কোয়াডে থাকা বাকি ৯ ক্রিকেটার আগেও বিশ্বকাপের এক বা একাধিক আসরে খেলেছেন।

নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে। এরপরেই বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানায় পিসিবি।

আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তবে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি।

সূচি অনুসারে, আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের বিশ্বকাপ দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর