বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে যা বলল স্কটল্যান্ড
পুরোটাই ভাগ্যের জোরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তাই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেই জায়গায় সুযোগ দেয়া হয় স্কটিশদের। শেষ মুহূর্তে বাংলাদেশের বাদ পড়ায় টাইগার ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।
বাংলাদেশের বাদ পড়ার যে প্রক্রিয়া তাতে দলটির প্রতি সহমর্মিতা আছে কি না এমন প্রশ্নে লিন্ডব্লেড বলেন, ‘অবশ্যই আছে। বাংলাদেশ দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে।’প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।
লিন্ডব্লেড আরও বলেন, ‘আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাইপ্রক্রিয়া আছে। কেউই এমন পথে বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। আমরা বুঝি, আমাদের অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল। আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।’
শেষ মুহূর্তে সুযোগ পেলেও বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত স্কটল্যান্ড। নির্ধারিত সময়ের মধ্যে ভিসার কাজ শেষ করা এবং টিকিট কাটাই দলটির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়ায় স্কটল্যান্ডকেও গ্রুপ পর্বে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির বিপক্ষে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। আগামী ১৪ ফেব্রুয়ারি পরের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: