তিন সেঞ্চুরির ম্যাচ জিতে সিরিজ ইংল্যান্ডের
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের অঘোষিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৫৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি এবং অভিজ্ঞ জো রুটের অনবদ্য শতকের ওপর ভর করে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল ইংলিশরা। ৩৫৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরা ৩০৪ রানে থমকে গেলে স্বাগতিকদের স্বপ্নভঙ্গ হয়।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ইংল্যান্ডের শুরুটা ভালো ছিল না। দলীয় ১৯ ও ৪০ রানে দুই ওপেনার রেহান আহমেদ ও বেন ডাকেট বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা। তবে সেই চাপ সামাল দেন জো রুট ও বেথেল। বেথেল ৬৫ রান করে বিদায় নিলেও ম্যাচের দৃশ্যপট বদলে যায় হ্যারি ব্রুক ক্রিজে আসার পর। রুটের অভিজ্ঞতা আর ব্রুকের তারুণ্যের আগ্রাসনে শ্রীলঙ্কার বোলাররা দিশেহারা হয়ে পড়েন।
অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ৬৬ বলে খেলেন ১৩৬ রানের এক টর্নেডো ইনিংস। প্রথম ফিফটি করতে ৪২ বল নিলেও পরের ৫০ রান পূর্ণ করেন মাত্র ১৭ বলে। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। অন্যদিকে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেওয়া জো রুট ১১১ রানে অপরাজিত থাকেন। এই জুটির দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৫৭ রান।
৩৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় লড়াই চালিয়ে যায় শ্রীলঙ্কা। দলের আটজন ব্যাটার দুই অঙ্কের কোঠা স্পর্শ করলেও বড় ইনিংস খেলতে পেরেছেন কেবল পাভান রত্নায়েকে। লঙ্কান এই তরুণ ব্যাটার তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
পাভানের ব্যাটে চড়ে শ্রীলঙ্কা জয়ের আশা বাঁচিয়ে রাখলেও দলীয় ৩০৪ রানে তিনি আউট হওয়ার সাথে সাথেই ভেঙে পড়ে স্বাগতিকদের প্রতিরোধ। শেষ পর্যন্ত ৪ ওভার বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের বোলাররা ছিলেন দারুণ গোছানো। জেমি ওভারটন, লিয়াম ডসন, উইল জ্যাকস এবং অভিজ্ঞ আদিল রশিদ—সবাই সমান দুটি করে উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামান। ব্যক্তিগত পারফরম্যান্সে ব্রুক উজ্জ্বল থাকলেও বোলারদের নিয়ন্ত্রিত বোলিং জয়ের পথ সুগম করে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: