[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দুবের রেকর্ড ফিফটিতেও বড় হার ভারতের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শিবম দুবে। নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির এক ওভারে ২৮ রান তোলার পাশাপাশি এই ভারতীয় ব্যাটার ফিফটি করেন ১৫ বলে। তবে এমন ঝোড়ো ইনিংসের সমাপ্তিটা হয়েছে দুর্ভাগ্যজনক রানআউটে। শেষ পর্যন্ত হেরেছে তার দলও।

বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপট্টনমে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক ভারত। সফরকারীদের ২১৫ রান তাড়ায় সূর্যকুমার যাদবের দল অলআউট হয়েছে ১৬৫ রানে। তবুও ভারত সিরিজে এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।

রান তাড়ায় এদিন দলীয় ৯ রানের মধ্যেই দুই উইকেট হারায় ভারত। ম্যাট হেনরির করা ইনিংসের প্রথম বলেই ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার অভিষেক শর্মা। কিছুক্ষণ পর অধিনায়ক সূর্যকুমার যাদব (৮) জ্যাকব ডাফির বলে তারই হাতে ক্যাচ দেন।

এরপর সঞ্জু স্যামসন ও রিংকু সিং দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে দুজনে মিলে ৪৬ রানের জুটিতে জয়ের সম্ভাবনা ভালোমতোই জিইয়ে রাখে স্বাগতিকেরা। কিন্তু সঞ্জু ১৫ বলে ২৪ আর রিংকু ৩০ বলে ৩৯ রান করে ফেরার পর ফের ব্যাকফুটে চলে যায় ম্যান ইন ব্লুজরা।

মাঝে হার্দিক পান্ডিয়া ৫ বলে ২ রান করে ফিরলেও দলের ভরসা ছিলেন দুবে। ছয় নম্বরে নামা এই বাঁহাতি ব্যাটার মাত্র ১৫তম বলে পঞ্চাশ ছুঁয়ে ভারতের হয়ে তৃতীয় দ্রুততম আন্তর্জাতিক ফিফটির কীর্তি গড়েন (যুবরাজ সিং ১২ বলে, অভিষেক শর্মা ১৪ বলে ফিফটি করেছিলেন)।

তবে দুবের ইনিংসটি থামে আচমকা রানআউটে। ১৫তম ওভারের শেষ বলে হার্ষিত রানার সোজাসুজি খেলা বল বোলার হেনরির আঙুল ছুঁয়ে স্টাম্পে আঘাত হানলে রানআউট হন ওই মুহূর্তে নন স্ট্রাইকে থাকা দুবে। থামে ২৩ বলে ৭ ছক্কা ৩ চারে করা ৬৫ রানের ইনিংস।

দুবের আউটের সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ১৪৫। পরের ২২ বলের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে অলআউট হয় ভারত। বোলিংয়ে নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার একাই ৩ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট পান ডাফি ও সোধি।

এর আগে, নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার কনওয়ে ও টিম সেইফার্ট। মাত্র ৮.২ ওভারে দুজনে মিলে ১০০ রান এনে দেন। কনওয়ে ২৩ বলে ৪৪ আর ক্যারিয়ারের ১৩তম ফিফটির দেখা পাওয়া সেইফার্ট ৩৬ বলে ৬২ রান করেন।

এর পর বড় কোনো জুটি না হলেও ড্যারিল মিচেলের ১৮ বলে অপরাজিত ৩৯, গ্লেন ফিলিপসের ১৬ বলে ২৪ ও জ্যাক ফোকসের ৬ বলে ১৩* ছোট ছোট ইনিংসে ভর করে ৭ উইকেটে ২১৫ রানে পৌঁছে যায় কিউইরা। যা দলটিকে এনে দেয় সিরিজের প্রথম জয়।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১৫/৭ (সেইফার্ট ৬২, কনওয়ে ৪৪; অর্শদীপ ২/৩৩, কুলদীপ ২/৩৯)।
ভারত: ১৮.৩ ওভারে ১৬৫ (দুবে ৬৫, রিংকু ৩৯, সঞ্জু ২৪; স্যান্টনার ৩/২৬, ডাফি ২/৩৩)।
ফল: নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: টিম সেইফার্ট।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর