[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২ হাজার ৬৫০ দিন পর অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ০৬:০১ এএম

২০১৮ সালের অক্টোবরে সবশেষ অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল পাকিস্তান। এর মাঝে কেটে গেছে ২ হাজার ৬৫০ দিন, ৮টি ম্যাচ। জয়ের খোঁজ পায়নি এশিয়ার দেশটি। অবশেষে আজ বৃহস্পতিবার কাটল সেই খরা। লাহোরে স্টেডিয়াম ভরা দর্শকের সামনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে সালমান আলী আগার দল।

গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে স্বাগতিক পাকিস্তান। জবাব দিতে নামলে নির্ধারিত ওভারে সমান সংখ্যক উইকেট হারালেও ১৪৬ রানে আটকে যায় সফরকারীরা।

১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথু শর্ট (৪ বলে ৫) ও ট্রাভিস হেডকে ফেরান পার্ট টাইম স্পিনার সাইম আইয়ুব। অজি অধিনায়ক হেড ১৩ বলে ২৩ রান করে ফেরেন। এরপর ৪০ রান যোগ করেন ক্যামেরন গ্রিন ও ম্যাট রেন’শ। তবে দলীয় ৬৮ রানের মাথায় রেন’শ ও কুপার কনোলি প্যাভিলিয়নের পথ ধরলে বিপদ বাড়ে অস্ট্রেলিয়ার। এই খাদ থেকে আর বের হতে পারেনি সফরকারীরা। দলের রানের গতি যায় থমকে।

এক শ রানের আগে মিচেল ওয়েন (৮ বলে ৮) ও ক্যামেরন গ্রিন (৩১ বলে ৩৬) বিদায় নিলে অস্ট্রেলিয়ার হারের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ১১২ রানের মধ্যে বিদায় নেন জ্যাক এডওয়ার্ডস আর জশ ফিলিপও। শেষদিকে হারের ব্যবধান কমান জেভিয়ের বার্টলেট ও অ্যাডাম জাম্পা। ৩৪ রানের অপরাজিত জুটি গড়ার পথে একাই ২৫ বলে ৩৪ রান করেন বার্টলেট।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করেন লেগ স্পিনার আবরার আহমেদ। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ২ উইকেট তুলে নেন তিনি। ৩ ওভারে ২ উইকেট নেয়া সাইমের খরচ ২৯ রান। একটি করে উইকেট ঝুলিতে পুরেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।

এর আগে, পাকিস্তান দেড় শ ছাড়ানো সংগ্রহ পায় দলের সবার সম্মিলিত অবদানে। সাহিবজাদা ফারহান ‘গোল্ডেন ডাক’ মারলেও ২২ বলে ৪০ রান করেন সাইম। তিনে নেমে ২৭ বলে ৩৯ রান করেন অধিনায়ক সালমান। এর বাইরে বাবর আজম ২০ বলে ২৪ ও উসমান খান ১৪ বলে ১৮ রান করেন। শেষদিকের ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তান আরও বড় সংগ্রহ গড়তে পারেনি। দুর্দান্ত বল করেছিলেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর