[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা, সম্ভাব্য তালিকায় থাকতে পারেন যারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

নতুন বছরে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। সর্বশেষ বোর্ড সভায় ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল বছর থেকে চুক্তিবদ্ধ থাকা খেলোয়াড়ের সংখ্যা ছিল ২২ জন। তবে এবারের চুক্তিতে সেটি বাড়িয়ে ২৭ জন করা হচ্ছে।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে। সর্বশেষ চুক্তিতে মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র দুই মাসের জন্য অন্তর্ভুক্ত ছিলেন। ফলে মার্চ থেকে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা নেমে আসে ২১ জনে। নতুন তালিকায় ছয়জন নতুন ক্রিকেটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, কেন্দ্রীয় চুক্তিতে নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানও চুক্তিতে জায়গা পেতে পারেন। এ বছর টেস্ট ও ওয়ানডে ম্যাচ বেশি থাকায় ইবাদত হোসেন বা মাহমুদুল হাসান জয়ের একজনকে চুক্তিতে রাখা হতে পারে। এ ছাড়া নুরুল হাসান সোহানকেও ফেরানোর চিন্তা করছে বোর্ড।

সবশেষ চুক্তিতে এ+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ। তবে চোটের কারণে টেস্ট ক্রিকেটে অনিয়মিত হওয়ায় এবার এ+ ক্যাটাগরিতে তার থাকার সম্ভাবনা নেই। তাসকিন নেমে যেতে পারেন ‘এ’ ক্যাটাগরিতে, যেখানে আগে থেকেই রয়েছেন তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ২৭ ক্রিকেটার : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর