[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও আসরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা কাটছে না।

এরই মধ্যে বিশ্বকাপের অফিশিয়াল জার্সি বা কিট উন্মোচনের পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি শেষ মুহূর্তে বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পরপরই জমকালো আয়োজনে এই জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল বোর্ডের।

নির্ধারিত সময়ে জার্সি উন্মোচন না হওয়ায় ক্রিকেট মহলে গুঞ্জন আরও জোরালো হয়েছে। পিসিবি প্রধান মহসিন নাকভি এর আগে জানিয়েছিলেন যে, শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা আগামী সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে গতকাল (শুক্রবার) বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মূলত পাকিস্তান সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে বোর্ড। এ বিষয়ে গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকও করেছেন পিসিবি প্রধান।

জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। তবে বোর্ডের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার আগে জার্সি বা অন্যান্য প্রচারণামূলক কাজে যেতে চাইছে না বোর্ড। বিশ্লেষকদের ধারণা, নিরাপত্তা এবং রাজনৈতিক নানা জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। জার্সি উন্মোচন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বড় ধরনের বিপণন ও সমর্থকদের আবেগের বিষয় হওয়ায় এটি বাতিল হওয়াকে অনেকেই নেতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার কথা। সূচি অনুযায়ী পাকিস্তানের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। হাতে সময় একদম না থাকায় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও সংবাদমাধ্যমের লজিস্টিক প্রস্তুতির জন্য দ্রুত সিদ্ধান্ত জানানো জরুরি হয়ে পড়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর