ভারত-নিউজিল্যান্ডের শেষ ম্যাচে রেকর্ড বই ওলট-পালট
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রানের পাহাড় গড়ে ভারত। স্বাগতিকদের দেয়া ২৭১ রানের লক্ষ্যে নেমে ২২৫ রানে থামে কিউইরা। ৪৬ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজও জেতে ভারত। দু’দল মিলিয়ে ৪৯৬ রানের ম্যাচে একের পর এক রেকর্ড ও কীর্তির দেখা মেলে।
তিরুবনন্তপুরমে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৭১ রান তোলে ভারত। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ২ বল বাকি থাকতে ২২৫ রানে থামে কিউইরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০+ রানের ইনিংসে সবার উপরে এখন ভারত (৪)। দু’দলের সাকুল্যে ৪৯৬ রান এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৫১৭ রান হয় ২০২৩-এ, দক্ষিণ আফ্রিকা–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।
নিজেদের ইনিংসে ভারত ছক্কা হাঁকায় ২৩টি। এটি এক ইনিংসে তাদের যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সমান ছক্কা হাঁকায় ভারত। নিউজিল্যান্ডের ১৩টি ছক্কা যোগ করে ম্যাচের ছক্কার সংখ্যা ৩৬টি। এর চেয়ে বেশি ছক্কা দেখা গেছে শুধু গত বছর বুলগেরিয়া-জিব্রাল্টার ম্যাচে (৪১টি)। সিরিজে মোট ৬৯ ছক্কা হাঁকিয়ে দ্বিপক্ষীয় একটি সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়ে ভারত। নিউজিল্যান্ডের ৪৭ ছক্কা নিয়ে দু’দল মিলিয়ে সাকুল্যে ছক্কার সংখ্যা ১১৬টি। দ্বিপক্ষীয় সিরিজে এটি তৃতীয় সর্বোচ্চ।
শুধু পাওয়ার প্লে’র মধ্যে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন করেন ৫৭ রান। এটি ভারতের বিপক্ষে প্রথম ছয় ওভারের মধ্যে কোনো ব্যাটারের সর্বোচ্চ। অ্যালেন ভাঙেন ২০২২ বিশ্বকাপে লিটন দাসের করা ৫৬ রানের রেকর্ড।
ম্যাচটিতে ৫০-এর বেশি রান খরচ করেন পাঁচজন বোলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪-এ জিম্বাবুয়ের বিপক্ষে শুধু গাম্বিয়ার পাঁচজন বোলার এমন দুর্দশা দেখেন। ৪ ওভারে ৫৮ রান দেন ভারতের জশপ্রিত বুমরা। এ সংস্করণে এটি তার সবচেয়ে খরুচে বোলিং।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: