পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে, সিদ্ধান্ত আজ
টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, এ ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জিইও টিভির প্রতিবেদন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আজ সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বৈঠকে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি বাংলাদেশ–ভারত সম্পর্ক ঘিরে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সম্ভাব্য বয়কটের খবর সামনে আসে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য ভেন্যুতে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার পরই আলোচনা আরও তীব্র হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল, কারণ বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এই ইস্যুতে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। তবে আইসিসি জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন সম্ভব নয়। তারপর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
বাংলাদেশের বাদ পড়ার পর পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ে। পিসিবি চেয়ারম্যান নাকভি এর আগেও ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছিলেন।
সূত্র জানিয়েছে, আজকের বৈঠকের পরই বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। একই সঙ্গে পাকিস্তান দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের বিষয়টিও তখন চূড়ান্ত হবে। ‘অনিবার্য কারণ’ দেখিয়ে এর আগে জার্সি উন্মোচন পিছিয়ে দেওয়া হয়েছিল।
বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে পিসিবি। সে ক্ষেত্রে লাহোরে চার দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। পাকিস্তান দল ও শাহিনস অনূর্ধ্ব–১৮ দলকে ভাগ করে চারটি দল গঠন করা হবে বলে জানিয়েছে সূত্র।
আজকের বৈঠকের দিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব—পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে থাকবে, নাকি সরে দাঁড়াবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: