[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বড় তারকাকে বাদ দিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২ এএম

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দাসুন শানাকাকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষিত এই দলে জায়গা পেলেন না টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। খবর এনডিটিভির।

গত মাসের শুরুতে ১৮ মাস পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ফিরিয়ে আনা হয়েছিল ডি সিলভাকে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় টি–টোয়েন্টিতে তাকে বাদ দেয়া হয়। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এর মধ্যেই তাকে ছেঁটে ফেলার খবর দিলো দলটি।

দীর্ঘদিন পর দলে ফিরে তিন ইনিংসে ডি সিলভার ব্যাট থেকে এসেছে মাত্র ৪৩ রান। অফস্পিনে নিয়েছেন একটি উইকেট। গত সপ্তাহে পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি ১২ বলে ১১ রান করে আদিল রশিদের বলে আউট হন।

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে রোববার কাঁধে চোট পাওয়া সত্ত্বেও পেসার ইশান মালিঙ্গাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে।

শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে। গ্রুপ ‘বি’তে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইট পর্বে উঠবে।

শ্রীলঙ্কার টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, জনিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহীশ থিকশানা, দুশমন্ত চামিরা, মাথিশা পাতিরানা ও ইশান মালিঙ্গা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর