[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার ভারতের বিপক্ষে পাকিস্তান নারী ‘এ’ দলের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। আট দল নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দল পড়েছে একই গ্রুপে। তবে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি আদৌ হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোনো অফিসিয়াল নির্দেশনা পায়নি পাকিস্তানের নারী ‘এ’ দল। ফলে ম্যাচটি বয়কট করা হবে, নাকি স্বাভাবিকভাবেই মাঠে গড়াবে সে বিষয়ে দল ও টিম ম্যানেজমেন্টের কাছে স্পষ্ট কোনো বার্তা নেই।

টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে অংশ নিচ্ছে মোট ৮টি দল। এর মধ্যে বাংলাদেশসহ চারটি সহযোগী দেশের জাতীয় দল এবং চারটি ওয়ানডে মর্যাদাপ্রাপ্ত দেশের ‘এ’ দল রয়েছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, অনিশ্চয়তা থাকলেও পাকিস্তানের নারী ‘এ’ দলের প্রস্তুতি আপাতত স্বাভাবিক গতিতেই এগোচ্ছে।

এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। গত পরশু সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, পাকিস্তান দল ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।

উল্লেখযোগ্যভাবে, ঠিক ১৫ ফেব্রুয়ারি দিনেই ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের। একই দিনে পুরুষদের বিশ্বকাপে ম্যাচ বয়কটের ঘোষণা এবং নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। পাকিস্তান সরকার যেদিন ভারতের বিপক্ষে পুরুষদের ম্যাচ বয়কটের ঘোষণা দেয়, সেদিনই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাকিস্তানের নারী ‘এ’ দলের স্কোয়াড প্রকাশ করে পিসিবি।

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের সঙ্গে রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ‘এ’ দলের সঙ্গে খেলবে মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে, আর দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর