[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইতালির হয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলেন ২ ভাই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইতালি। প্রতিপক্ষকে মূলত গুঁড়িয়ে দিয়েছেন মোসকা ভ্রাতৃদ্বয়; অ্যান্থনি মোসকা ও জাস্টিন মোসকা।

ইতালি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৩ রান তোলে। এরপর দুর্দান্ত বোলিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৮১ রানে গুটিয়ে দেয় তারা। অ্যান্থনি মোসকা মাত্র ২২ বলে ৫৫ রান করেন, আর জাস্টিন মোসকা ৩৬ বলে করেন ৪৮ রান।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সাত ওভারের ভেতর অ্যান্থনি ও জাস্টিন মোসকা ৮১ রানের জুটি গড়েন। অ্যান্থনি মোসকার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও পাঁচটি চার। আর ৪৮ রান করা জাস্টিন ১৪তম ওভারে রিটায়ার্ড আউট হন। এছাড়া হ্যারি মানেন্তি ও গ্রান্ট স্টুয়ার্ট ২৯ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বেন মানেন্তির ব্যাট থেকে আসে ২০ রান।

আমিরাতের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন জুনাইদ সিদ্দিকি। তিনি চার ওভারে ৩২ রান দিয়ে নেন তিনটি উইকেট। সিমরনজিৎ সিং ও মুহাম্মদ জাওয়াদুল্লাহ একটি করে উইকেট শিকার করেন।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতালির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আমিরাতের ব্যাটিং লাইনআপ। পুরো দল ১৮.২ ওভারে মাত্র ৮১ রানে গুটিয়ে যায়। আমিরাতের হয়ে সর্বোচ্চ রান করেন লোয়ার অর্ডারে নামা মুহাম্মদ ফারুক, তার ব্যাট থেকে আসে ২৫ বলে ২৩ রান। এছাড়া মুহাম্মদ জোহাইব ১৬ ও আরিয়ানশ শর্মা ১৫ রান করেন। এই তিনজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ইতালির বোলিং আক্রমণের নেতৃত্ব দেন ক্রিশান কালুগামাগে ও গ্রান্ট স্টুয়ার্ট, দুজনই নেন তিনটি করে উইকেট। অলরাউন্ডার জেজে স্মুটস দুটি উইকেট শিকার করেন। এছাড়া আলি হাসান ও বেন মানেন্তি একটি করে উইকেট নেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর