বিশ্বকাপ শুরুর আগের দিন ভারতীয় দলে পরিবর্তন
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনতে হলো ভারতকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার হার্শিত রানা। তার জায়গায় ভারতের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজকে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এই পরিবর্তন কার্যকর হবে বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪ ফেব্রুয়ারি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুর চোটে পড়েন হার্শিত রানা। ম্যাচের পর স্ক্যান করানো হলে চোটের বিষয়টি গুরুতর বলে ধরা পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে টুর্নামেন্টের জন্য অনুপযুক্ত ঘোষণা করে।
হার্শিতের ছিটকে যাওয়া ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,
‘১৫ জনের স্কোয়াড অনেক ভেবেচিন্তে বানানো হয়, বিভিন্ন কম্বিনেশন মাথায় রেখেই দল নির্বাচন করা হয়েছিল। হার্শিত না থাকলে আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে—এটা স্বাভাবিক। আমরা অবশ্যই তাকে মিস করব।’
তবে বিকল্প নিয়ে খুব বেশি চিন্তিত নন ভারত অধিনায়ক। সূর্যকুমার বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট খেলোয়াড় আছে এবং বিভিন্ন দলের বিপক্ষে খেলার মতো একাধিক কম্বিনেশনও আছে। আমরা দেখব, গত এক–দুই বছরে কোন পেসার ভালো করেছে এবং কে নিচের দিকে কিছুটা ব্যাটিংও করতে পারে। তবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ৯ বা ১০ নম্বরে নামা খেলোয়াড়কেই ছক্কা মারতে হবে। আমাদের কাছে কয়েকটি বিকল্প আছে, সেখান থেকেই সেরাটিকে বেছে নেয়া হয়েছে।’
শেষ পর্যন্ত নির্বাচকদের আস্থা পড়েছে মোহাম্মদ সিরাজের ওপর। ৩১ বছর বয়সী এই পেসার সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের ৩০ জুলাই, শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। সম্প্রতি রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের হয়ে খেলেছেন সিরাজ। জানা গেছে, ঘোষণার এক ঘণ্টার মধ্যেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
ভারতের পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও মোহাম্মদ সিরাজ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: