[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি

টানা দুই হারে আকবরদের বিদায়, ফাইনালে লিটনদের প্রতিপক্ষ নাজমুলরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০২ এএম

বড়দের সঙ্গে দৌড়ে পেরে উঠল না হাই পারফরম্যান্স আর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গড়া দল দুরন্ত একাদশ। আগের ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতুর কাছে হারের পর এবার ‘এ’ দলের ক্রিকেটারদের দুর্বার একাদশের কাছে হেরেছে তারা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশকে ৭ উইকেটে হারিয়ে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টির ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ।

প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর আজ ফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জিততে হতো দুরন্তকে। কিন্তু সেটির ভিত গড়ে দিতে পারেননি ব্যাটসম্যানরা। টস হেরে ব্যাট করতে নামা দুরন্ত শুরু থেকেই ধুঁকেছে।

প্রথম দুই ওভার শেষে দুরন্তের রান ছিল ৩ উইকেটে ৮। পরের ব্যাটসম্যানেরা বিপর্যয় সামাল দিলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। তিন নম্বরে নামা জাওয়াদ আবরারই যেমন আগের বলে ছক্কা মেরে পরের বলেই ক্যাচ তুলে দিয়েছেন।

দুরন্তের রান লড়াই করার মতো জায়গায় গেছে আরিফুল ইসলামের ৩২ বলে ৪১ আর মেহরব হোসেনের ২৩ বলে ৩৬ রানের ইনিংসের সুবাদে। বিশতম ওভারের পঞ্চম বলে অলআউট হওয়ার আগে ১৪৫ রান করে দুরন্ত। দুর্বারের হয়ে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন খালেদ আহমেদ।

রান তাড়ায় দুর্বারের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় ওপেনিং জুটিতেই। হাবিবুর রহমানের ঝড়ে ৪ ওভারেই তারা ৫২ রান তুলে ফেলে। ৫ ছক্কা আর ১ চারের ইনিংসে তিনি ১৭ বলে করেন ৩৯ রান।

তাঁর বিদায়ের পর দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান আরেক ওপেনার মাহমুদুল হাসান। ৫১ বলে ৫৮ রান আসে তাঁর ব্যাট থেকে। তবে ২৪ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন নুরুল হাসান। ১৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় দুর্বার।

লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু ও নাজমুল হোসেনের নেতৃত্বাধীন দুর্বারের মধ্যে ফাইনাল হবে সোমবার।

সংক্ষিপ্ত স্কোর:
দুরন্ত একাদশ: ১৯.৫ ওভারে ১৪৫ (আরিফুল ইসলাম ৪১, এসএম মেহরব ৩৬, আব্দুল গাফফার ১৮; খালেদ আহমেদ ৪/২৩, হাসান মাহমুদ ২/২৭)।
দুর্বার একাদশ: ১৭.৩ ওভারে ১৪৯/৩ (মাহমুদুল হাসান ৫৮, হাবিবুর হাসান সোহান ৩৯, নুরুল হাসান সোহান ২৮*; আব্দুল গাফফার ৩/২৩)।
ফল: দুর্বার ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: খালেদ আহমেদ।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর