ডি লিড ঝড়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল নেদারল্যান্ডস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে সাত উইকেটের দাপুটে জয় পায় ডাচরা। ব্যাট হাতে অপরাজিত হাফ-সেঞ্চুরি করে ম্যাচের নায়ক ছিলেন বাস ডি লিডে।
১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে নেয়। দুর্দান্ত ব্যাটিংয়ে ডি লিডে ৪৮ বলে অপরাজিত ৭২ রান করেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কা।
ডাচদের হয়ে ওপেনার মাইকেল লেভিট শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। তিনি ১৫ বলে ২৮ রান করেন, যেখানে ছিল একটি চার ও তিনটি ছক্কা। কলিন অ্যাকারম্যান ২৮ বলে মূল্যবান ৩২ রান যোগ করেন। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৯ বলে অপরাজিত ১৮ রান করেন। একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনিই।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নামিবিয়া। স্পিনার আরিয়ান দত্ত আউট করেন লরেন স্টিনক্যাম্পকে, তিনি ছয় বলে মাত্র ছয় রান করেন। এরপর জান ফ্রাইলিন্ক ও জান নিকোল লফটি-ইটন দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে ইনিংস গুছিয়ে তোলেন। শেষ পর্যন্ত লফটি-ইটনই দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে ফ্রাইলিঙ্কের ব্যাট থেকে। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান করে নামিবিয়া।
নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিডে ও লোগান ভ্যান বিক দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন আরিয়ান ডাট ও ফ্রেড ক্লাসেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: