[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২ পিএম

আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ঘটনার জেরে তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারে এই ঘটনা ঘটে। ওই সময় দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির হাতে থাকা রিস্ট ব্যান্ড নিয়ে আপত্তি তোলেন নবি। বিষয়টি নিয়ে তিনি আম্পায়ারদের সঙ্গে দীর্ঘ সময় তর্কে জড়ান। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানানোয় আইসিসির আচরণবিধির লেভেল–১ ধারা ভঙ্গ করেন নবি।

এ অভিযোগ স্বীকার করে নিয়েছেন আফগান অলরাউন্ডার। আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট যে শাস্তির প্রস্তাব দেন, তা মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পাশাপাশি গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ হওয়ায় নবির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

বুধবার দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি ছিল রোমাঞ্চকর। নির্ধারিত ২০ ওভারের ম্যাচ টাই হওয়ার পর ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলে দুদলের। প্রথম সুপার ওভারেও টাই করে দুদল। শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থেকে ম্যাচের দুই পয়েন্ট নিশ্চিত করে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর