[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান ম্যাচের আগে ভারত শিবিরে বড় দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ ম্যাচে অভিষেক শর্মার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রাসী এই ওপেনার পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও খেলার মতো অবস্থায় এখনো ফিরতে পারেননি।

এই সপ্তাহের শুরুতে গ্যাস্ট্রিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হন অভিষেক। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এবং দলের সঙ্গে আবার যোগ দেন। তবে স্কোয়াডে ফেরার পরও তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা কাটেনি। জানা গেছে, তিনি এখনো দুর্বলতা অনুভব করছেন এবং পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেডিকেল টিম তার শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলম্বোয় শুক্রবারের অনুশীলন সেশনের পরই পাকিস্তান ম্যাচের জন্য চূড়ান্ত একাদশে তাকে রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সম্প্রতি সতীর্থ পেসার আর্শদীপ সিংয়ের সঙ্গে এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার আপডেট দেন অভিষেক। তিনি জানান, অসুস্থতার সময়ে তাকে কেবল ভাত ও ডাল খেতে হয়েছে এবং সংক্রমণের কারণে প্রায় দুই কেজি ওজনও কমে গেছে। বলে রাখা ভালো, ভারত-পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচটি রোববার কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক শর্মা এখন পর্যন্ত ৩৯ ম্যাচে ১ হাজার ২৯৭ রান করেছেন, তার স্ট্রাইক রেট ১৯৪.৯৫। এই সময়ে তিনি আটটি অর্ধশতক ও দুটি শতক হাঁকিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে তার সংগ্রহ ১১০ রান, স্ট্রাইক রেট ১৮৯.৬৫; রয়েছে একটি অর্ধশতক।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও পাকিস্তান মোট ১৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৩টি ম্যাচ, আর পাকিস্তান জয় পেয়েছে তিনটিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে আটবার। সেখানে ভারতের আধিপত্য স্পষ্ট; ৬-১ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর