পাক-ভারত ‘হাইভোল্টেজ’ ম্যাচে যেমন হতে পারে দু’দলের একাদশ
পাক-ভারত ‘হাইভোল্টেজ’ ম্যাচ ঘিরে নাটকীয়তার শেষ নেই। একসময় শঙ্কা ছিল ম্যাচটি আদৌ হবে কি না। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই পরাশক্তি। এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই মহারণে কেমন হতে পারে দু’দলের সম্ভাব্য একাদশ।
ভারতীয় শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অভিষেক শর্মা। অসুস্থতার কারণে তাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ম্যাচের আগে পুরোপুরি ফিট না হলে টপ অর্ডারে দেখা যেতে পারে স্যাঞ্জু স্যামসনকে। তবে ঈশান কিষাণ যেভাবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন, তাকে ছাড়া একাদশ কল্পনা করা কঠিন। তিন নম্বরে তিলক ভার্মা দারুণ মানানসই। বড় ম্যাচে চাপ সামাল দেওয়ার সামর্থ্য আগেই প্রমাণ করেছেন তিনি।
অধিনায়ক সূর্যকুমার যাদব চার নম্বরে ভরসার প্রতীক। তার পরেই মিডল অর্ডারে শক্তি যোগ করবেন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। শেষের দিকে ঝড় তোলার জন্য থাকবেন রিঙ্কু সিং। অলরাউন্ড সক্ষমতা নিয়ে দলে ভারসাম্য আনবেন অক্ষর প্যাটেল।
বোলিং বিভাগে স্পিন আক্রমণের মূল ভরসা হতে পারেন বরুণ চক্রবর্তী। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ, তার সঙ্গে নতুন বলে থাকতে পারেন আর্শদীপ সিং। সব মিলিয়ে ব্যাটিং গভীরতা ও বৈচিত্র্যময় বোলিং আক্রমণ নিয়ে শক্তিশালী একাদশ সাজানোর পরিকল্পনা ভারতের।
অন্যদিকে টানা দুই জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানও কিছু পরিবর্তন আনতে পারে। ওপেনিংয়ে থাকবেন সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। তিন নম্বরে অধিনায়ক সালমান আঘা, আর মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রতীক বাবর আজম।
অলরাউন্ড বিভাগে ভরসার নাম মোহাম্মদ নওয়াজ, শাদাব খান ও ফাহিম আশরাফ। তবে গত ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হওয়া উসমান খানকে বিশ্রাম দিয়ে একাদশে ফেরানো হতে পারে ফখর জামানকে।
বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন শাহীন শাহ আফ্রিদি। স্পিন বিভাগে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে থাকবেন উসমান তারিক। সঙ্গে একাদশে জায়গা পেতে পারেন আবরার আহমেদ। তবে কন্ডিশন ও উইকেট বিবেচনায় শেষ মুহূর্তে দলে ঢুকতে পারেন নাসিম শাহও।
সব মিলিয়ে দু’দলই ভারসাম্যপূর্ণ ও আক্রমণাত্মক একাদশ সাজানোর ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, কাগুজে শক্তির লড়াই শেষে মাঠের পারফরম্যান্সে কে হাসে শেষ হাসি।
ভারত
অভিষেক শর্মা/স্যাঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।
পাকিস্তান
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আঘা, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান/ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ/নাসিম শাহ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: