[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের কাছে হেরে যুক্তরাষ্ট্রেরও নিচে পাকিস্তান, সুপার এইটের সমীকরণ কী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২ এএম

ভারতের কাছে আইসিসি টুর্নামেন্টে আরও একবার হারল পাকিস্তান। রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের হার দেখে সালমান আলি আগার দল। এর ফলে পয়েন্ট টেবিলেও চরম লজ্জা পেয়েছে দলটি।

এদিন ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। প্রথম ওভারেই অভিষেক শর্মা (০) আউট হলেও ৪০ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইশান কিশান। তার ইনিংসে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান, তিলক ভার্মা (২৫) ও শিবম দুবে (২৭) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব চার ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। এছাড়া শাহিন আফ্রিদি, উসমান তারিক ও অধিনায়ক সালমান আলি আগা একটি করে উইকেট নেন।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় তারা। উইকেটরক্ষক ব্যাটার উসমান খান ৩৪ বলে ৪৪ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। এছাড়া ফাহিম আশরাফ (১০) ও শাহিন আফ্রিদি (অপরাজিত ২৩) দুই অঙ্কের ঘরে পৌঁছান।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। এছাড়া কুলদীপ যাদব ও তিলক ভার্মা একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান আরও মজবুত করেছে ভারত। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে তারা। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, এই আসরে পাকিস্তানের এটি প্রথম পরাজয়। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৪ হলেও নেট রানরেট নেমে গেছে -০.৪০৩-এ। ফলে সমান ৪ পয়েন্ট নিয়ে সব ম্যাচ শেষ করা যুক্তরাষ্ট্র (+০.৭৮৮) নেট রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

গ্রুপ ‘এ’ পয়েন্ট তালিকা:
ভারত — ৩ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট (নেট রানরেট +৩.০৫০)
যুক্তরাষ্ট্র — ৪ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট (+০.৭৮৮)
পাকিস্তান — ৩ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট (-০.৪০৩)
নেদারল্যান্ডস — ৩ ম্যাচে ১ জয়, ২ পয়েন্ট (-১.৩৫২)
নামিবিয়া — ৩ ম্যাচে ০ জয়, ০ পয়েন্ট (-২.৪৪৩)

২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান বুধবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে। সুপার এইটে উঠতে তাদের জন্য ম্যাচটি এখন ‘ডু অর ডাই’। হারলে যুক্তরাষ্ট্র পরবর্তী পর্বে জায়গা করে নেবে।

উল্লেখ্য, তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা নামিবিয়া এরই মধ্যে সুপার এইটের দৌড় থেকে ছিটকে গেছে। আজকে আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর তাদের বিদায় নিশ্চিত হয়।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর