রাইজিং স্টারস নারী এশিয়া কাপ
নাটকীয় জয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের
থাইল্যান্ডে চলমান রাইজিং স্টারস নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে টানা দুই জয়ে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষেও সহজ ম্যাচ কঠিন করে জিতল লাল-সবুজের জার্সিধারীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংককে ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার ৯ উইকেটে ১০৩ রান করে থাইল্যান্ডের মেয়েরা। লক্ষ্য তাড়ায় শেষ ওভারের নাটকীয়তায় এক বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে ফাহিমা খাতুনের দল।
দুটি ম্যাচ শেষে শতভাগ জয়ে বাংলাদেশের ‘এ’ দলের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দল ও থাইল্যান্ডের নামের পাশে শোভা পাচ্ছে সমান ২ পয়েন্ট; টেবিলের দুই ও তিনে আছে তারা। আগামী ১৮ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: