[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২২ বছর বয়সে বিয়ে, ৪র্থ বিবাহবার্ষিকীর আগমুহূর্তে বিচ্ছেদ ভারতীয় ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ এএম

মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেছিলেন ভারতের লেগ স্পিনার রাহুল চাহার। ২০২২ সালের ৯ মার্চ গোয়ায় জুটি বেঁধেছিলেন ইশানি জোহারের সঙ্গে। তবে সম্পর্ক ৪ বছরের বেশি টিকল না। চতুর্থ বিবাহবার্ষিকীর কয়েক দিন আগে বিচ্ছেদের ঘোষণা দিলেন রাহুল। তথ্য এনডিটিভির।

ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন পোস্টে রাহুল জানান, গত ১৫ মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময় কেটেছে। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় আদালতে দীর্ঘ সময় কাটাতে হয়েছে এবং সেই অভিজ্ঞতা তাকে অনেক অপ্রত্যাশিত শিক্ষা দিয়েছে বলে উল্লেখ করেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

রাহুল লেখেন, ‘আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি, যখন নিজেকে, নিজের মূল্যবোধ বা আমি কেমন জীবন গড়তে চাই; সেটা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এরপর এমন কিছু বছরের মুখোমুখি হয়েছি, যা কখনও কল্পনাও করিনি। গত পনেরো মাস কেটেছে আদালতে; ধৈর্য, স্থির মনোভাব এবং সত্যের শক্তির শিক্ষা পেতে পেতে।’

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে সেই অধ্যায়ের ইতি টানা হয়েছে। রাহুলের ভাষায়, ‘এই অধ্যায় রাগ বা আক্ষেপ নিয়ে শেষ করছি না, বরং স্পষ্টতা নিয়ে। কিছু সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য নয়, তা আমাদের নতুন করে জাগিয়ে তুলতে, শিক্ষা দিতে এবং বদলে দিতে আসে। আমি এখন আরও সচেতন ও পরিণত, এবং জানি আমি কেমন জীবন গড়তে চাই।’

উল্লেখ্য, ২০২১ সালে শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন রাহুল। দেশের হয়ে সাতটি সাদা বলের ম্যাচে খেলেছেন এই লেগ স্পিনার। আগামী মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠে নামতে দেখা যাবে তাকে। ২০২৬ সালের আইপিএল নিলামে তাকে ৫.২ কোটি টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস।

গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন রাহুল, সেখানে উইকেটশূন্য থাকেন। আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৯ ম্যাচে ৭৫টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ২০১৯ ও ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ানসের শিরোপাজয়ী দলে ছিলেন এই লেগ-স্পিনার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর