আইসিসির মাসসেরার তালিকায় বাংলাদেশের মোস্তারি
আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস। তিনজনই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেয়েছেন।
নেপালে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারি। সবমিলিয়ে টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার অফ স্পিন বোলিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন।
মাসসেরা দৌড়ে থাকা গ্যাবি লুইস আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে তুলতে বড় অবদান রেখেছেন। পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলেও ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লুইস। তবে বিশ্বকাপ বাছাইয়ে তিনি মোট ২৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন।
আর যুক্তরাষ্ট্রের টারা নরিস নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নরিস। দুর্দান্ত বোলিংয়ে নিয়েছিলেন আসরের সর্বোচ্চ ১৫ উইকেট। তাতেই মনোনয়ন পেলেন সেরার দৌড়ে। জানুয়ারিতে খেলা ৬ ম্যাচে ১১ উইকেট পান নরিস। তবে তার দল শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা পায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এরপর আর বাংলাদেশের কেউ এই স্বীকৃতি পাননি। এবার কি সোবহানা সেই কাতারে নাম লেখাতে পারবেন? আর কিছুদিন পরেই মিলবে সে উত্তর।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: