[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাইনালে কপাল পুড়ল বাংলাদেশের মেয়েদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২ পিএম

শিরোপা উৎসব করা হলো না বাংলাদেশের। অথচ ফাইনালে দারুণ বোলিংয়ে শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ৪৪ রানে ভারতের চার উইকেট তুলে নিয়ে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ ‘এ’। তবে সেই শুরু ধরে রাখতে না পারায় কপাল পোড়ে লাল সবুজের প্রতিনিধিদের। ভারতের কাছে ৪৬ রানে হেরে হাতছাড়া হয় উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা।

ব্যাংককের টারদথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং নেয় ভারত। ওপেনার নন্দিনী কাশ্যপ ও দীনেশ বৃন্দা ইনিংসের শুরুটা মন্দ করেননি। কিন্তু দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই ধস নামে ভারতীয় শিবিরে। ফাতেমা জাহান প্রথম আঘাত হানার পর দ্রুতই রানআউটে ফেরেন নন্দিনী। পরের বলেই মিনু মানিকে শূন্য রানে ফেরান ফারজানা ইয়াসমিন। চাপ বাড়তে থাকলে অধিনায়ক ফাহিমা খাতুন এনে দেন চতুর্থ সাফল্য। ৪৪ রানে চার উইকেট হারিয়ে ভারত কার্যত কোণঠাসা।

কিন্তু সেখান থেকেই ম্যাচে ফেরে তারা। পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও রাধা যাদবের ৬৯ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রাধা ৩০ বলে ৩৬ রান করে বিদায় নিলেও তেজাল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৪ বলে ৫১ রানে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৩৪। বাংলাদেশ পক্ষে ফাহিমা একাই নেন চার উইকেট।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা সতর্ক ছিল বাংলাদেশের। তবে তৃতীয় ওভারেই ইশমা তানজিমের বিদায়ে ছন্দ কেটে যায়। শারমিন সুলতানা ও শামিমা সুলতানা জুটি গড়ে চেষ্টা করলেও সেটি বড় হয়নি। শামিমা ১৫ বলে ২০ রান করে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। শারমিন ৩০ বলে ১৮ রান করেন, সাদিয়া যোগ করেন ১০। বল হাতে উজ্জ্বল ফাহিমা ব্যাটে করেন ১৪ রান।

শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’। ভারত ‘এ’র পক্ষে প্রেমা রাওয়াত সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট যায় সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ারের ঝুলিতে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর