দ. আফ্রিকার কাছে হারের পর সেমিফাইনালে উঠতে ভারতের সমীকরণ কী
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথে বড় ধাক্কা খেল ভারত। সুপার এইটের প্রথম ম্যাচে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তোলে ১৮৭ রান। জবাবে ১১১ রানে গুটিয়ে যায় ভারত।
এই হারের ফলে সেমিফাইনালে উঠতে এখন ভারতের সামনে কঠিন সমীকরণ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের বাকি দুটি ম্যাচ এখন জিততেই হবে ভারতকে। একটি ম্যাচ জিতলে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফল ও নেট রান রেটের (এনআরআর) ওপর। তথ্য এনডিটিভির।
ভারতের সামনে সম্ভাব্য সমীকরণ
পরিস্থিতি ১: ভারত যদি বাকি দুই ম্যাচই জেতে
দুটি ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৪। সাধারণভাবে এটি সেমিফাইনালের জন্য যথেষ্ট বলেই ধরা হচ্ছে। তবে জটিলতা তৈরি হবে যদি অন্য দুটি দলও ৪ পয়েন্ট পায়। এমন পরিস্থিতি তৈরি হতে পারে- যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচের একটি জেতে এবং ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচের বিজয়ী দল দক্ষিণ আফ্রিকাকেও হারায়। সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার লড়াই গড়াবে নেট রান রেটে।
পরিস্থিতি ২: ভারত যদি একটি ম্যাচ জেতে
ভারত একটি ম্যাচ জিতলে চাইবে দক্ষিণ আফ্রিকা যেন তাদের সব ম্যাচ জিতে নেয়। পাশাপাশি ভারতের জয়টি হতে হবে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। এমন হলে ভারত, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ; তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। তখন আবারও সমীকরণ নির্ভর করবে নেট রান রেটের ওপর।
সুপার এইটে গ্রুপ-১ সূচি
২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে (মুম্বাই)
২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (আহমেদাবাদ)
২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবুয়ে (চেন্নাই)
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে (দিল্লি)
১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: