ভারতের হারের পর আমিরের ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল
রোববার (২২ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় স্বাগতিক ভারত।
আহমেদাবাদে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ব্যাটিংয়ে হতাশাজনক পারফরম্যান্স করে। দক্ষিণ আফ্রিকার বোলাররা ভারতের ব্যাটারদের বিপদে ফেলতে স্লোয়ার বলকে কৌশল হিসেবে ব্যবহার করে সাফল্য আদায় করে নিয়েছে। ফলে ভারত ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই হারটি আইসিসি ইভেন্টে (সব ফরম্যাট মিলিয়ে) ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এটি ছিল ভারতের প্রথম হার। এই বড় হারের পর পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির বেশ হাস্যরসের খোরাক পান।
প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে আমির ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারত টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। এমনকি তিনি তারকা ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে মন্তব্য করেছিলেন। চলমান বিশ্বকাপে অভিষেকের ফর্মও হতাশাজনক।
ভারতের বড় পরাজয়ের পর পাকিস্তানের একটি টিভি চ্যানেল আমিরকে তার ‘নির্ভুল ভবিষ্যদ্বাণী’র জন্য ‘জ্যোতিষী’ বলে অভিহিত করে। অনুষ্ঠানের উপস্থাপক যখন এই উপাধি দেন, তখন আমির হেসে ওঠেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কঠিন সমীকরণ ভারতের সামনে
‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানের সঞ্চালক বলেন, ‘যা আমাদের পাকিস্তান দল করতে পারছে না, তা আমাদের প্যানেলিস্টরা লাহোরে স্টুডিওতে বসেই করে দিচ্ছেন। মোহাম্মদ আমির প্রথমে অভিষেক শর্মাকে স্লগার বলেছিলেন, তারপর থেকেই সে ফর্মে নেই। এরপর তিনি বলেন ভারত সেমিফাইনালে উঠবে না, আর মনে হচ্ছে ভারত আমিরের কথা শুনছে! স্বাগতম জ্যোতিষী, ক্রিকেটার এবং বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে।’
হাসতে হাসতে আমির জবাব দেন, ‘আমাকে কী বানিয়ে ফেলেছ? আল্লাহ মাফ করুন।’
এই হারের ফলে ভারতের নেট রান রেট (-৩.৮০০) বড় ধাক্কা খেয়েছে। এখন শেষ চারে উঠতে হলে তাদের জিম্বাবুয়ে (২৬ ফেব্রুয়ারি, চেন্নাই) এবং ওয়েস্ট ইন্ডিজের (১ মার্চ, কলকাতা) বিপক্ষে জিততেই হবে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচে ২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: