তৃতীয় বিয়ের গুঞ্জনের মুখে নীরবতা ভাঙলেন শোয়েব মালিক
তৃতীয়বার বিয়ের গুঞ্জনের মধ্যে অবশেষে নীরবতা ভাঙলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এক বড় বিবৃতিতে অভিজ্ঞ এই অলরাউন্ডার দাবি করেছেন, তার তৃতীয় বিয়ের পরিকল্পনা নিয়ে ছড়ানো খবর সম্পূর্ণ ‘মিথ্যা ও মনগড়া’। প্রতিবেদন এনডিটিভির।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী সানা জাভেদকে লক্ষ্য করে ট্রলকারীদেরও কঠোর ভাষায় সমালোচনা করেন মালিক। তিনি বলেন, তার নীরবতাকে দুর্বলতা হিসেবে ধরে নেয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে মালিকের বৈবাহিক সম্পর্ক ২০২৩ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শেষ হয়। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ১৯ জানুয়ারি করাচিতে নিকাহ অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন জীবন শুরু করেন মালিক।
নিজের বিবৃতিতে মালিক বলেন, ‘২০২৩ সালের শুরুতেই আমার প্রথম বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। পারস্পরিক সম্মতিতেই আমরা সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত নিই। এরপরই আমি দ্বিতীয়বার বিয়ে করি। পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমি সবসময় ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চেয়েছি। কিন্তু আমার নীরবতাকে ভুলভাবে নেয়া হয়েছে।’
মালিকের ভাষ্য, ‘বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন কথা বলা জরুরি হয়ে পড়েছে। আমার ছেলে এখন এতটাই বড় হয়েছে যে এসব মিথ্যা ও ভিত্তিহীন গল্প পড়তে পারে, যা সামান্য ভিউ আর আয়ের জন্য ছড়ানো হচ্ছে। এসব হাস্যকর অভিযোগ আমার প্রিয়জনদের কষ্ট দিচ্ছে।’
ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান ও কৌতুক বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে।
বিবৃতির শেষাংশে মালিক বলেন, ‘দায়িত্বশীল আচরণ করুন। কয়েকটি লাইক আর ভিউয়ের চেয়ে জীবনে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ। আপনাদের মতোই আমারও পরিবার আছে। আশা করি আমার বার্তাটি ইতিবাচকভাবে নেয়া হবে এবং আমার ব্যক্তিগত জীবন নিয়ে অযথা মন্তব্য বন্ধ হবে। অন্যথায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: