আফগানিস্তান সিরিজ দিয়ে ভারতে আত্মপ্রকাশ করছে নতুন টেস্ট ভেন্যু
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী জুনে ভারত সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল। আফগানিস্তানের এই সফরেই একটি নতুন টেস্ট ভেন্যু ভারতের তালিকায় যুক্ত হবে।
ভারতে এখন পর্যন্ত ৩০টি ভেন্যুতে টেস্ট খেলা হয়েছে। ৩১তম টেস্ট ভেন্যুটি হবে নয়া চন্ডিগড়। ৬ জুন এখানকার টেস্ট দিয়েই শুরু হবে আফগানিস্তান সিরিজ। এরপর তিনটি ওয়ানডে যথাক্রমে ধর্মশালা, লখনৌ ও চেন্নাইয়ে।
এই সিরিজের সূচি জানিয়ে আজ একটি বিবৃতি দিয়েছে বিসিসিআই। টেস্টটি শুরু হবে স্থানীয় সময় সাড়ে ৯টায়, ১৪, ১৭ ও ২০ জুনের ওয়ানডে ম্যাচগুলো বেলা দেড়টা থেকে।
নয়া চন্ডিগড় আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়োজন করেছে। এখানে হয়েছে আইপিএল ও মেয়েদের ক্রিকেটের ম্যাচও। আফগানিস্তান সিরিজ দিয়ে এবারই প্রথম টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের বিপক্ষে এটা হবে আফগানিস্তানের দ্বিতীয় টেস্ট। বেঙ্গালুরুতে দুদল ২০১৮ সালে প্রথম টেস্টটি খেলেছিল। যেখানে ভারত ইনিংস ও ২৬২ রানের ব্যবধানে জয় পায়। সেটা ছিল ২০১৭ সালে স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের প্রথম টেস্ট।
আফগানিস্তান টেস্ট দল যে এখন অনেকটাই পরিণত হয়েছে, তা বলাই বাহুল্য। পরের বছর নিজেদের দ্বিতীয় টেস্টেই আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয়। তৃতীয় টেস্টে জিতে বাংলাদেশের বিপক্ষে। সব মিলিয়ে ১২ ম্যাচে তাদের জয় ৪টি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: