বুমরাহকে সামলানোর ফন্দী জানেন ইতিহাসগড়া কিউই ওপেনার
বিশ্বকাপের সেমি-ফাইনালে ফিন অ্যালেনের তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের ওপেনার। এবার ফাইনালে তার সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, যার নাম জাসপ্রিত বুমরাহ।
তবে ভারতের তারকা পেসারকে নিয়ে বেশি চিন্তা করতে চান না অ্যালেন। বরং নিজের স্বাভাবিক ব্যাটিং ঠিক রেখে একই ছন্দে এগিয়ে যেতে চান ২৬ বছর বয়সী ওপেনার। তার মতে, বুমরাহর নাম নয়, বল দেখেই খেলা উচিত।
মুম্বাইয়ে গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের জয়েও বড় অবদান ছিল বুমরাহর। জ্যাকব বেথেল, স্যাম কারানদের উত্তাল ব্যাটিংয়ের সামনে শেষ দিকে দুই ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়েছিলেন বুমরাহ। যার ফলে অত্যধিক কঠিন হয়ে যায় ইংল্যান্ডের কাজ।
শুধু এই সেমি-ফাইনাল নয়, পুরো টুর্নামেন্টজুড়েই হাড়কিপটে বোলিং করছেন বুমরাহ। এখন পর্যন্ত এই বিশ্বকাপে ৭ ইনিংসে ওভারপ্রতি মাত্র ৬.৬২ রান খরচ করে নিয়েছেন ১০ উইকেট। তার ক্যারিয়ারজুড়ে অবশ্য এটি নিয়মিত চিত্র। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ইকোনমি মাত্র ৬.৫৫!
ফাইনালের আগে তাই নিউ জিল্যান্ড শিবিরেও বুমরাহকে নিয়ে চলছে কাঁটাছেঁড়া। তাকে আটকানোর ফন্দি করতেই ব্যস্ত সময় পার করছে কিউইরা। উদ্বোধনী সঙ্গী টিম সেইফার্টকে নিয়ে প্রধান কোচ লুক রঙ্কির সঙ্গে এই বিষয়ে আলাপ করেছেন অ্যালেন।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথাই শোনালেন কিউই ওপেনার।
“আমরা ম্যাচের আগে খুবই স্বাচ্ছন্দ্যময় মিটিং করেছি। এরপর (লুক) রঙ্কির সঙ্গে একটু কথা বলেছি। আমি ও টিম (সেইফার্ট) একটা কফি বানিয়ে ভেতরে ঢুকি, আর পুরো ব্যাপারটাই খুব স্বাভাবিকভাবে চলতে থাকে।”
“যেকোনো প্রতিপক্ষ আসলে কী করে- সেটা নিয়েই মূলত গল্প করি। আমি সাধারণত ভিডিও ফুটেজ দেখি না, যদি না কোনো খেলোয়াড়কে আগে দেখে না থাকি। আর জাসপ্রিত বুমরাহকে তো সব জায়গায়ই সব সময় দেখা যায়।”
এসময় বুমরাহকে খেলার কৌশলের কথাও বলেন অ্যালেন।
“সত্যি বলতে, আমি বিষয়টা খুব স্বাভাবিক রাখতেই পছন্দ করি। আমি বল খেলায় বিশ্বাসী, মানুষকে নয়। আপনি যদি খুব বেশি করে ভাবতে থাকেন যে বুমরাহ আপনার দিকে দৌড়ে আসছে, তাহলে আসরের চাপেই পড়ে যেতে পারেন। সেখানে ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থক তাদের সমর্থন দেবে, তাই শুধু বলটাই খেলতে হবে।”
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: