[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিসির সেরা একাদশ ঘোষণা: নিউজিল্যান্ডের কেউ নেই, এক দলেরই ৪ জন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ ২৩:০৩ পিএম

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের পথে ভারতের দাপুটে পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসির ঘোষিত সেরা একাদশে। আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ট্রফি জয়ের একদিন পর প্রকাশিত তালিকায় ভারতীয় দলের চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে আশ্চর্যজনকভাবে ফাইনাল খেলা আরেক দল নিউজিল্যান্ড থেকে একজনও জায়গা পাননি।

ভারতের হয়ে সেরা একাদশে রয়েছেন সাঞ্জু স্যামসন, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ। বিশ্বকাপজয়ী দলের এই চার ক্রিকেটারের পারফরম্যান্স টুর্নামেন্টজুড়ে ছিল উল্লেখযোগ্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া স্যামসন মাত্র পাঁচ ইনিংসে ৩২১ রান করে নজর কেড়েছেন। শুরুতে ভারতের মূল একাদশে না থাকলেও সুযোগ পেয়ে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স করেন তিনি। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ৮৯ রানের ইনিংসটি ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

দলের ওপেনিংয়ে জায়গা পেয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফাহান, যিনি ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। গড় ছিল ৭৬.৬০। শ্রীলঙ্কা ও নামিবিয়ার বিপক্ষে দুটি সেঞ্চুরি করেন তিনি।

সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে। তিনি টুর্নামেন্টে ২৮৬ রান করেন এবং তিনটি অর্ধশতক হাঁকান। একই দলের পেসার লুঙ্গি এনগিডি ১২ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন এই দলে।

ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে সেরা একাদশে স্থান পেয়েছেন। তার সতীর্থ লেগ স্পিনার আদিল রশিদও রয়েছেন এই তালিকায়। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার ব্যাট ও বল দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি গ্রুপ পর্বে দুর্দান্ত বোলিং করে জায়গা করে নিয়েছেন এই একাদশে।

এই দলে ১২তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শাল্কউইককে। তিনি টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে নজর কেড়েছেন এবং তার ইকোনমি রেট ছিল ৬.৮০।


আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সেরা একাদশ
সাহিবজাদা ফারহান, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান, এইডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি।
১২তম খেলোয়াড়: শ্যাডলি ভ্যান শাল্কউইক।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর