[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্ষোভ প্রকাশ করে ২৪ বছর বয়সেই অবসরের ঘোষণা তরুণ ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের রাজনীতি, দুর্নীতি ও কাঠামোগত দুর্বলতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মাত্র ২৪ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন তরুণ ক্রিকেটার শাহজাইব ভাট্টি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন ‘বিদায় পাকিস্তান ক্রিকেট।’ একই সঙ্গে তিনি দাবি করেছেন, ঘরোয়া ক্রিকেটে সুযোগ না পাওয়াই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

ভাট্টি পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফির ২০২৪-২৫ মৌসুমে শিয়ালকোট অঞ্চলের হয়ে খেলেছিলেন। ওই মৌসুমের ফাইনালে পেশোয়ার অঞ্চলের বিপক্ষে নাটকীয় ম্যাচে শিয়ালকোট ১ রানের জয় পায়। সেই ম্যাচে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভাট্টি, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়া সেই ফাইনালের পরই নিজের ক্যারিয়ারের মোড় ঘুরে যাওয়ার কথা ভেবেছিলেন এই তরুণ ক্রিকেটার।

কিন্তু তার অভিযোগ, ওই ফাইনালের পর থেকেই অজ্ঞাত কারণে তাকে আর দলে সুযোগ দেয়া হয়নি। ভাট্টির দাবি, প্রায় ৪০টি ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। অথচ তিনি আশা করেছিলেন, ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় সামনে আরও সুযোগ পাবেন। সুযোগ না পাওয়ার হতাশাই শেষ পর্যন্ত তাকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণায় ভাট্টি লিখেছেন, ২৪ বছর বয়সেই আমি পাকিস্তানের ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি। গত বছর আমি কায়েদ-এ-আজম ট্রফি জয়ী দলের একজন সদস্য ছিলাম। আমার স্বপ্ন ছিল পাকিস্তানের হয়ে খেলা। কিন্তু রাজনীতি, দুর্নীতি এবং ঘরোয়া ক্রিকেটের দুর্বল পরিকাঠামো আমার ক্রিকেটজীবনের ক্ষতি করছে।

তিনি আরও বলেন, শুধু তিনি নন এমন আরও অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন যারা একই কারণে আগেই ক্রিকেট ছেড়ে দিয়েছেন। তার মতে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রতিভা থাকা সত্ত্বেও অনেক খেলোয়াড় সঠিক সুযোগ পান না। এই ব্যবস্থার পরিবর্তন না হলে আরও অনেক তরুণ ক্রিকেটারের ক্যারিয়ার অকালেই শেষ হয়ে যেতে পারে।

পরিসংখ্যানের দিক থেকে ভাট্টির ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। এখন পর্যন্ত তিনি মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এছাড়া একটি লিস্ট ‘এ’ ম্যাচ এবং কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। শিয়ালকোটের এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খুব বেশি পরিচিত নাম না হলেও তার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

ভাট্টির এই অবসর ঘোষণাকে অনেকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। কারণ, মাত্র ২৪ বছর বয়সে একজন ক্রিকেটারের ক্যারিয়ার শুরু হওয়ার কথা, শেষ হওয়ার নয়। তার অভিযোগ সত্য হলে সেটি পাকিস্তানের ক্রিকেট কাঠামোর জন্য বড় প্রশ্ন তুলে দেয় বলেও মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর