প্রতিশ্রুতি রাখলেন শরিফুল, মাঠকর্মীদের দিলেন বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টুর্নামেন্ট সেরা হওয়ার পর মাঠকর্মীদের পুরস্কারের পুরো অর্থ দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শরিফুল ইসলাম। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পুরস্কারের অর্থ হাতেই পেয়েই সে প্রতিশ্রুতি রাখলেন টাইগার পেসার।
পঞ্চগড়ের এই বাঁহাতি পেসার বিপিএলের পুরস্কার হিসেবে পাওয়া অর্থ থেকে মাঠকর্মীদের হাতে তুলে দিয়েছেন দুই লাখ টাকা। মাঠ প্রস্তুত ও রক্ষণাবেক্ষণে অবদান রাখায় কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
বিপিএলের একটি ম্যাচ শেষে শরিফুল বলেছিলেন, টুর্নামেন্ট সেরা হলে পুরস্কারের অর্থ তিনি গ্রাউন্ডসম্যানদের দিয়ে দেবেন। ক্রিকেটের পর্দার আড়ালে থাকা এসব কর্মীর অবদানকে স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত নেন তিনি।
শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়ার পর নিজের দেওয়া কথাই রাখলেন জাতীয় দলের এই পেসার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সাধারণত ক্রিকেটারদের এমন উদ্যোগ খুব একটা দেখা যায় না। তাই শরিফুলের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
বিপিএলের বিভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য গ্রাউন্ডসম্যানরা দিনরাত পরিশ্রম করেন। মাঠের মান বজায় রাখা, পিচ প্রস্তুত করা এবং প্রতিকূল আবহাওয়াতেও খেলার উপযোগী পরিবেশ তৈরি করতে তাদের নিরলস পরিশ্রম করতে হয়।
ক্রিকেটের এই নীরব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শরিফুলের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এতে মাঠকর্মীদের কাজের স্বীকৃতি যেমন মিলবে, তেমনি অন্য ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করবে।
গত বছরের ২৬ ডিসেম্বর শুরু হয়ে চলতি বছরের ২৩ জানুয়ারি পর্দা নেমেছিল বিপিএলের ১২তম আসরের। পুরো আসর জুড়ে দুর্দান্ত বোলিংয়ে ২৬ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ শিকারি ছিলেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে তুলতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও ফাইনালে তার দল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে গিয়েছিল। কিন্তু দারুণ পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন শরিফুল। যার প্রাইজমানি ছিল ১০ লাখ টাকা। দেড় মাসের বেশি সময় পর সে অর্থ হাতে পেয়েছেন তিনি। যদি পুরো অর্থ পাবেন কয়েক ধাপে। আজ যে অর্থ পেয়েছেন সেটা প্রতিশ্রুতি অনুযায়ী মাঠকর্মীদের হাতে তুলে দিয়েছেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: