[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী বিপিএলের সূচিতে পরিবর্তন, উদ্বোধন বগুড়ায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১১:০৩ এএম

নারী বিপিএল দিয়ে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সূচিতে পরিবর্তন এনে এপ্রিলের পরিবর্তে টুর্নামেন্টটি নিয়ে যাওয়া হয়েছে জুলাইয়ে।

এর আগে প্রতিযোগিতাটি আগামী ৪ থেকে ১৪ এপ্রিল আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। কিন্তু সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পর সময় পিছিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

বিসিবি জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং টুর্নামেন্টের প্রস্তুতিকে আরও সুসংগঠিত করতে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি গঠন, দল সাজানো, বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তি এবং টুর্নামেন্ট পরিচালনার বিভিন্ন বিষয় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় জুলাইয়ের উইন্ডো বেছে নেওয়া হয়েছে।

নতুন সূচি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গেও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে ২০২৬ সালের জুনে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই এই লিগ শুরু হওয়ায় বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনাও বাড়বে বলে মনে করছে বিসিবি।

নারী বিপিএলের প্রথম আসরে অংশ নেবে তিনটি দল। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। আর ফাইনাল ম্যাচ হবে ২১ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় তালিকা এবং বাণিজ্যিক অংশীদারদের বিষয়ে বিস্তারিত ঘোষণা পরবর্তী সময়ে দেওয়া হবে।

নারী ক্রিকেটের প্রসারে এই লিগকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারের পাশাপাশি বিদেশি তারকারাও এখানে খেলবেন বলে আশা করা হচ্ছে, যা দেশের নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে সহায়ক হতে পারে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর