২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন পুত্র, দুই ম্যাচে একই আম্পায়ার
ক্রিকেট মাঠে রেকর্ড গড়া সব ক্রিকেটারের জন্যই আনন্দের। তবে বাইশ গজে নিজের বাবার গড়া রেকর্ডই যদি কেউ ভাঙেন তাহলে সেটা সত্যিই বিশেষ। আর দুই ম্যাচ যদি একই আম্পায়ার সাক্ষী হন, তাহলে সেটি বর্ণনাতীত। এবার এমনই এক বিরল ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাংকেট শিল্ডে।
গত ৯ মার্চ অকল্যান্ডের ইডেন পার্ক আউটার ওভালে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল ওটাগো। চার দিনের ওই ম্যাচে সফরকারী ওটাগোর হয়ে ম্যাচের দুই ইনিংসে ১৩ উইকেট শিকার করেছেন থমাস ও'কনর। এমন দুর্দান্ত বোলিং করে নিজের বাবার ২৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন এই বাঁহাতি পেসার।
একই টুর্নামেন্টের ১৯৯৯ সালে ওটাগোর বিপক্ষেই ১২ উইকেট নিয়েছিলেন থমাসের বাবা শেইন ও'কনর। অকল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন শেইন। পরে দ্বিতীয়বার তার শিকার ৬৪ রানে ৬ উইকেট। শেইনের এমন বোলিংয়ের পর ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল ওটাগো।
বাবাকে ছাড়িয়ে ম্যাচে ১৩ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন এবার ছেলে থমাস। প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে তিনি নেন ৬ উইকেট। সব মিলিয়ে ৮৫ রানে ১৩ উইকেট নিয়ে ওটাগোর ৯ উইকেটের জয়ের নায়ক ২১ বছর বয়সী পেসার।
অবাক করা ব্যাপার হলো, বাবা-পুত্রের এই রেকর্ড গড়া-ভাঙার খেলায় সাক্ষী একজন আম্পায়ার। দুই ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি আম্পায়ার বিলি বাউডেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: