[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। সে সময় আইসিসির কাছে চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদনও করা হয়ছিল। তবে শেষ পর্যন্ত আইসিসি জানিয়ে দেয় বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতের মাটিতে খেলতে হবে। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।

বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল না, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
কেন বাংলাদেশ এই বৈশ্বিক আসরে খেলতে পারল না তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবে ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে বাংলা স্কুলে গিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিসিবির নির্বাচনে অনিয়মের তদন্তে একটি কমিটি ইতোমধ্যে গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া মন্ত্রী আমিনুলের করে দেয়া এই কমিটি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। এরমধ্যেই সদ্য দায়িত্বপ্রাপ্ত আমিনুল জানালেন, বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণ অনুসন্ধানেও তদন্ত হবে। সংগঠকদের কূটনৈতিক ব্যর্থতা খতিয়ে দেখা হবে।

আমিনুল বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এবং আমি আশা করি যে এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব।’

‘আমি পরবর্তীতে যে কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, কেন আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব’- যোগ করেন তিনি।

আমিনুল আরও বলেন, ‘ইতিমধ্যেই আমাদের ‘কোয়াব’ মিঠুনের নেতৃত্বে একটি ক্রিকেটারদের একটি দল আমার কাছে এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। আশ্বস্ত করেছি যে ঈদের পরে কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশাআল্লাহ পদক্ষেপ নেব।’

এদিকে বিসিবির নির্বাচনে অনিয়ম নিয়ে তদন্ত চলমান থাকবে ও আইসিসির সঙ্গে কথা বলেই পদক্ষেপ নেয়া হবে বলে জানান আমিনুল, ‘বিগত সরকারের সময়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। এবং এটি আপনারা সকলেই জানেন, এগুলো নতুন করে আসলে বলার কিছু নেই। সঠিক যেটি তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। যারা বিগত সময়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গেও তদন্ত কমিটি কথা বলবে। বর্তমান ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে। পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে।’

‘আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি যে যখন বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার অলরেডি কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন, পরবর্তীতে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছেন। এটি তো একদম দৃশ্যমান সত্য ঘটনা। আইসিসির সাথে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর