[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আয়ারল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন স্টার্লিং

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

আয়ারল্যান্ড ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার পল স্টার্লিং টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৮ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। খবর ক্রিকইনফো

৩৫ বছর বয়সী স্টার্লিং ২০২৩ সালে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হয়েছেন এবং সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও তিনি ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আছেন।

এই পরিবর্তনের ফলে আয়ারল্যান্ড তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক পাবে। টেস্টে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি, ওয়ানডেতে থাকবেন পল স্টার্লিং এবং টি-টোয়েন্টিতে এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা হয়নি।

নিজের সিদ্ধান্ত নিয়ে স্টার্লিং বলেছেন, অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়াটা আমার জন্য গর্বের বিষয় ছিল। দেশের হয়ে অধিনায়কত্ব করা সবসময়ই বড় সম্মানের। তিনি সতীর্থ, কোচিং স্টাফ ও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমর্থকদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

স্টার্লিং আরও জানান, ওয়ানডে অধিনায়ক হিসেবে তিনি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন এবং নিজের পারফরম্যান্সে আরও মনোযোগ দিতে চান। তিনি মনে করেন, নতুন অধিনায়কের জন্য এখন থেকেই দল গুছিয়ে নেয়া একটি মোক্ষম সুযোগ।

ক্রিকেট আয়ারল্যান্ডের হাই-পারফরম্যান্স ডিরেক্টর গ্রাহাম ওয়েস্ট স্টার্লিংকে ‘অসাধারণ নেতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী জুনে ভারতের বিপক্ষে সিরিজ থেকেই আয়ারল্যান্ডের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের যাত্রা শুরু হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর