[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএল শুরুর আগেই দিশেহারা কলকাতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ এর ১৯তম আসর শুরু হওয়ার আগেই মাঠের বাইরের দুঃসংবাদে দিশেহারা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

বিশেষ করে পেস বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক শাহরুখ খান ও কোচ অভিষেক নায়ার। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার পর থেকেই যেন একের পর এক বিপদ পিছু ছাড়ছে না এই কলকাতার।

আগামী ২৮ মার্চ থেকে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের ২০২৬ আসরের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক দুঃসংবাদ সঙ্গী হচ্ছে কলকাতার।

চোটের কারণে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের পেশির ইনজুরিতে পড়া এই লঙ্কান পেসার এখনও ফিট হতে পারেননি। এপ্রিলের মাঝামাঝির আগে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

এছাড়াও পিঠের ইনজুরির কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন ভারতীয় পেসার আকাশ দীপ। মাঠে ফিরতে তার অন্তত আরও তিন মাস সময় লাগবে।

এদিকে হাঁটুর অস্ত্রোপচারের কারণে আসরের বড় একটি অংশ মিস করতে যাচ্ছেন হার্ষিত রানা। বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে।

এবারের নিলামে রেকর্ড ২৫.২০ কোটি রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছিল কলকাতা। কিন্তু ইনজুরি কাটিয়ে ফেরা গ্রিন পুরো ৪ ওভার বোলিং করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

এর আগে ৯.২ কোটি রুপিতে দল পেলেও রাজনৈতিক ও পারিপার্শ্বিক চাপে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয়েছিল কলকাতা। সেই বিতর্কিত অধ্যায়ের পর মুস্তাফিজের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর। এ ছাড়া তাদের স্কোয়াডে আছেন- বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণ পেসাররা। আকাশ, রানা ও পাথিরানাদের শূন্যতা পূরণে কলকাতার স্কোয়াডে যুক্ত হতে পারেন নতুন কোনো পেসার।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর