অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসলেন এভিন লুইস
অবসরের সিদ্ধান্ত বদল করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার এভিন লুইস। দেশের জার্সি গায়ে জড়াতে প্রস্তুত তিনি, খেলতে চান প্রথম শ্রেণির ক্রিকেটও।
গত ২৭ জানুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে লুইস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। মাত্র দুই মাসের মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি আবার জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি, তিনি ত্রিনিদাদ দলের হয়ে আঞ্চলিক চারদিনের প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।
লুইস সর্বশেষ ২০১৬/১৭ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ২২ ম্যাচে করেছেন ১,২২৯ রান, গড় ৩০.৭২। ২০১৫/১৬ মৌসুমে ৪৪২ রান করেছিলেন, যার মধ্যে তার একমাত্র শতক ছিল জামাইকার বিপক্ষে—১০৪ রান।
লুইস বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। স্থানীয় টিটিসিবি প্রিমিয়ারশিপ ডিভিশন ওয়ানে ৯৪ গড়ে রান করছেন। এর মধ্যে রয়েছে কুইন্স পার্ক ক্লাবের বিপক্ষে ১১৯, মেরিবয়েজের বিপক্ষে অপরাজিত ২৩২ এবং পাওয়ারজেন পেনাল ক্লাবের বিপক্ষে ১১৩ রানের ইনিংস।
ত্রিনিদাদ কোচ রায়াদ এমরিত জানিয়েছেন, লুইসের ফেরা দলের জন্য ইতিবাচক দিক। তবে দলে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সব মিলিয়ে, লুইসের এই প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: