[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কিছু নেই: মিরাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ১৯:০৪ পিএম

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড পূর্ণশক্তির দল নিয়ে আসেনি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলারা জন্য নিয়মিত অনেকেই এই দলে খেলছেন না। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য তার পরও এই দলটাকে হালকাভাবে দেখছেন না। কাল শুক্রবার সকাল ১১টায় প্রথম ওয়ানডে শুরুর আগে আজ বলেছেন, সফরকারীদের বিপক্ষে প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন তিনি।

 

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। প্রতিটি ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, যাতে ভালো ফল আনা যায়।’

এ সময় সিরিজ জয়কেই বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করেন এই অলরাউন্ডার। কারণ হিসেবে নিজের ব্যাখ্যায় র‌্যাঙ্কিংয়ের ওপরই গুরুত্ব দিয়েছেন তিনি, ‘আমরা যদি সিরিজ জিততে পারি, তাহলে সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। যেহেতু র‌্যাঙ্কিংয়ের বিষয়টাও আছে, তাই এই সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
লম্বা সময়ের জন্যই কিছুদিন আগে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকছেন মিরাজ। ওয়ানডে অধিনায়ক মনে করেন, দীর্ঘমেয়াদে একজন অধিনায়ক থাকলে দলের মধ্যে শক্ত বন্ধন গড়ে তোলা সহজ হয়। তার ভাষায়, ‘একজন অধিনায়ক দীর্ঘ সময় থাকলে সে খুব ভালোভাবে একটি টিম বন্ড তৈরি করতে পারে।’

স্বল্পমেয়াদি দায়িত্ব দেওয়ার বিপক্ষে মত দিয়ে মিরাজ বলেছেন, ‘আমি বলি না যে স্বল্পমেয়াদের জন্য দায়িত্ব দেওয়া উচিত, কারণ এতে শেষ পর্যন্ত একটি দলের সেতুবন্ধন তৈরি করা খুব কঠিন হয়ে যায়।’

পরিকল্পনার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি নেতৃত্বের সুবিধার কথা তুলে ধরেন তিনি, ‘তাহলে আমি প্রতিটি সিরিজের জন্য ভালোভাবে পরিকল্পনা করতে পারবো এবং কোন কন্ডিশনে কীভাবে খেলবো সেটাও ঠিক করতে পারবো।’

এ সময় বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনা নিয়েও কথা বলেছেন মিরাজ। যিনি এক সময় ছিলেন তাদের সতীর্থ, ‘তিনি বলেছেন যে, আমাদের দল ভালো করছে এবং আমরা যেভাবে খেলছি, সেভাবেই ভালো ক্রিকেট খেলে যেতে হবে।’

প্রথম ওয়ানডের আগে দলের কম্বিনেশন প্রসঙ্গে মিরাজ ইঙ্গিত দেন, নির্দিষ্ট কন্ডিশনে পেস আক্রমণেই বেশি জোর দিতে পারে বাংলাদেশ। তার কথায়, ‘গত কয়েক বছরে আমাদের পেস বোলাররা খুব ভালো করছে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করছে। যদি এমন পরিস্থিতি আসে, আমরা অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর