প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তিন অনুরোধ ক্রিকেটার জাহানারার
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই শাস্তিকে 'যথেষ্ট নয়' উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তিন দফা দাবি জানিয়েছেন দেশসেরা নারী পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলম।
শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় ৩৩ বছর বয়সী জাহানারা অভিযোগ করেন যে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছর প্রয়াত সাবেক কোচ তৌহিদ মাহমুদ ও সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে চরম মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হতে হয়েছে।
জাহানারা জানান, তৌহিদ ও মঞ্জুর অনৈতিক কর্মকাণ্ডে একটি শক্তিশালী 'সহযোগী গ্রুপ' ছিল, যারা তাকে চারটি বছর মানসিকভাবে নির্যাতন ও সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। মঞ্জুর শাস্তি হলেও এই প্রভাবশালী চক্রটি এখনো বহাল তবিয়তে আছে। তিনি এই সহযোগী গ্রুপের কঠোর বিচার দাবি করেছেন।
ভিডিওবার্তায় অন্যান্য ডিসিপ্লিনের (শুটিং ও অন্যান্য ইভেন্ট) যে নারীরা যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলেছেন, তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অনুরোধ করেছেন জাহানারা। তিনি অভিযোগ করেন, অতীতে অভিযোগ করার অপরাধে অনেক ক্রিকেটার আর ক্রিকেটে ফিরতে পারেননি। এবার যেন তেমনটি না হয়, তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে জাহানারা বলেন, ক্রীড়াঙ্গনে বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার জন্য একটি অত্যন্ত শক্তিশালী 'সেফগার্ডিং পলিসি' বা সুরক্ষা নীতিমালা তৈরি করা হোক। যাতে ভবিষ্যতে কোনো কর্মকর্তা বা কোচ কুপ্রস্তাব দেওয়ার দুঃসাহস না দেখায়।
উইমেন্স উইংয়ের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতিবাচক মন্তব্যে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন জাহানারা। রাজ্জাক তার অভিযোগগুলোকে 'ভিত্তিহীন' বলা এবং মঞ্জুর শাস্তি 'বেশি হয়ে গেছে' বলে মন্তব্য করায় জাহানারা তার কঠোর সমালোচনা করেন। জাহানারা প্রশ্ন তোলেন, "আপনার পরিবারের সদস্যদের সাথে এমন ঘটলে কি আপনি এমন নোংরা মন্তব্য করতেন?"
পুরো তদন্ত প্রক্রিয়ায় ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ল' ফার্ম 'মাহবুব অ্যান্ড কোম্পানি'র পক্ষ থেকে পাওয়া আইনি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহানারা। একইসাথে সাবেক ক্রিকেটার ও বর্তমান সিইও সুজনের (নিজাম উদ্দিন চৌধুরী সুজন) কাছ থেকে পাওয়া ব্যক্তিগত সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।
বর্তমানে মেন্টাল হেলথ ইস্যুতে দেশের বাইরে অবস্থান করা জাহানারা আলম জানান, তিনি এখনো খেলা ছাড়েননি। তবে নিজের ও অন্য নারী ক্রিকেটারদের জন্য একটি নির্ভয় ও মর্যাদাপূর্ণ পরিবেশের দাবিতে তিনি লড়াই চালিয়ে যাবেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: