[email protected] মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬
১৩ই শ্রাবণ ১৪৩৩

সরকারি সবুজ সংকেত পেলেই বাংলাদেশ সফরে ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও মাঠে গড়াতে পারে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ। দুই দেশের ক্রিকেট বোর্ড ইতোমধ্যে সম্ভাব্য সূচি ও ভেন্যু নিয়ে প্রস্তুতি শুরু করেছে। তবে সিরিজটি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ভারত সরকারের অনুমোদনের ওপর।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ সফরের জন্য সময় বের করতে নিজেদের সূচিতেও পরিবর্তনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সরকারি অনুমতি মিললেই দ্রুত সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায় দুই বোর্ড।

এদিকে সম্ভাব্য সফর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেপ্টেম্বরের শুরু থেকেই আন্তর্জাতিক ভেন্যুগুলো প্রস্তুত রাখার উদ্যোগ নিয়েছে। ভারতের সুবিধা বিবেচনায় রেখে একাধিক সূচির প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিসিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ওয়ানডেগুলো ঢাকায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজন হলে পুরো সিরিজ একটি ভেন্যুতেই আয়োজনের বিকল্পও খোলা রাখা হয়েছে। এমনকি পরিস্থিতি অনুযায়ী কেবল একটি ফরম্যাটের সিরিজ আয়োজনের বিষয়েও আলোচনা চলছে।

ভারতের শ্রীলঙ্কা সফর শেষ হবে আগস্টের শেষ দিকে। অন্যদিকে আফগানিস্তান সিরিজ পিছিয়ে গেলে সেপ্টেম্বরের প্রথমার্ধে ভারতীয় দলের জন্য সময় বের করা সম্ভব হবে। সে কারণেই সম্ভাব্য বাংলাদেশ সফরের প্রস্তুতি এখন থেকেই এগিয়ে রাখছে বিসিসিআই।

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বৈঠকের ফাঁকে দুই বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। তবে সব প্রস্তুতির পরও সিরিজটি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভারত সরকারের সম্মতির ওপর। অনুমোদন মিললেই দুই দেশের ক্রিকেটপ্রেমীরা বহুল প্রতীক্ষিত এই দ্বিপক্ষীয় সিরিজ উপভোগের সুযোগ পাবেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর