[email protected] মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬
১৩ই শ্রাবণ ১৪৩৩

কোচ নিয়োগে ব্যর্থতা, একসঙ্গে পদত্যাগ মালদিনি-লিওনার্দোর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

ইতালি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগকে ঘিরে তৈরি হওয়া জটিলতা এবার বড় ধরনের অস্থিরতায় রূপ নিয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও তাঁর উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেছেন।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘স্কাই স্পোর্ট ইতালি’র প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিকেলে ফেডারেশনের সভাপতি জোভান্নি মালাগোর কাছে পদত্যাগপত্র জমা দেন মালদিনি ও লিওনার্দো। জাতীয় দলের নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে তাঁদের একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন দুজন।

মাত্র দুই সপ্তাহ আগে মালাগোর উদ্যোগে ইতালির জাতীয় দলের টেকনিক্যাল কাঠামোয় পরিবর্তন আনা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দোকে তাঁর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ক্লাব ইতালি’ প্রকল্পের দায়িত্বও দেওয়া হয় মালদিনিকে।

দায়িত্ব নিয়েই নতুন কোচ খোঁজার কাজ শুরু করেন মালদিনি ও লিওনার্দো। তাঁদের প্রথম পছন্দ ছিলেন কার্লো আনচেলত্তি। তবে তাঁকে রাজি করানো সম্ভব হয়নি। এরপর পেপ গার্দিওলার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও ইতালির দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি।

এরপর মালদিনি তাঁর সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু আন্দ্রেয়া পিরলোর দিকে নজর দেন। নতুন টেকনিক্যাল প্রকল্পের সঙ্গে পিরলোর ফুটবল দর্শনের মিল রয়েছে মনে করে তাঁকেই প্রধান কোচ করার পরিকল্পনা এগিয়ে নেওয়া হয়।

তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগও সফল হয়নি। পিরলোর সঙ্গে রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর স্পনসরশিপ চুক্তি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আপত্তি ওঠে। সেই জটিলতার কারণে ফেডারেশন তাঁর নিয়োগ অনুমোদন করেনি। এ ঘটনায় সভাপতি মালাগোর কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন ও সুরক্ষা পাননি বলে মনে করেন মালদিনি। এরপরই পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করেন তিনি।

সোমবারের দীর্ঘ বৈঠকে বিকল্প প্রার্থী নিয়েও আলোচনা হয়। ইন্টার মিলান ও প্যারিস সেন্ট জার্মেইনে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে লিওনার্দো থিয়াগো মোত্তার নাম প্রস্তাব করেন। তবে সেই প্রস্তাবও অনুমোদন না পাওয়ার পরই মালদিনি ও লিওনার্দো একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

দুজনের আকস্মিক বিদায়ে ইতালির জাতীয় দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এখন নতুন করে কোচের সন্ধানে নামতে হবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে। একই সঙ্গে জাতীয় দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ‘ক্লাব ইতালি’ প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর