[email protected] মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬
১৩ই শ্রাবণ ১৪৩৩

ফিফা উইন্ডোতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাল কিরগিজস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

প্রায় আট বছর পর গড়াবে সাফের খেলা। ৪-১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাত দেশের সেরা এই ফুটবল দ্বৈরথ।

তার আগে সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোকে প্রস্তুতির জন্য কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আন্তর্জাতিক এই বিরতিতে জাতীয় ফুটবল দলের জন্য চারটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে।

জানা গেছে, এই ৪ ম্যাচের মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানের মাটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে সেখানে একটি তিনজাতি ফুটবল সিরিজে অংশ নিতে বাংলাদেশকে সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ইউনিয়ন। রোববার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মিডিয়াকে বলেন, ‘আমরা আনঅফিসিয়ালি (কিরগিজস্তানের কাছ থেকে) আমন্ত্রণ পেয়েছি।’

বাফুফে সভাপতি এর আগে জানিয়েছিলেন, ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোকে সামনে রেখে বাংলাদেশ দল ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে। এটি শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর। এর আগেও ২০২১ সালে কিরগিজস্তানের কাছ থেকে এমন একটি তিনজাতি সিরিজের আমন্ত্রণ পেয়ে ইতিবাচক সাড়া দিয়েছিল বাফুফে। সেবার ফিলিস্তিনের কাছে ২-০ ও স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর