[email protected] মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬
১৩ই শ্রাবণ ১৪৩৩

‘সমস্যাসংকুল’ বিপিএল থেকে সরে আসতে চায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

বিতর্ক, বকেয়া পারিশ্রমিক, স্পট ফিক্সিংয়ের অভিযোগ ও ফ্র্যাঞ্চাইজিদের নানা অনিয়মে বারবার সমালোচিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এবার নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমস্যায় জর্জরিত বর্তমান কাঠামোয় আর বিপিএল আয়োজন করতে চায় না বোর্ডের বড় একটি অংশ।

বিসিবির দায়িত্বশীল একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বেশির ভাগ পরিচালকই মনে করছেন, দুর্বল ও অপেশাদার ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে দেশের ক্রিকেটের দুর্নাম কুড়ানোর পাশাপাশি বোর্ডের ওপর আর্থিক দায় চাপানোর কোনো অর্থ নেই। তাই বিদ্যমান সমস্যাগুলো পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত বিপিএল আয়োজন থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনা করছে বিসিবি।

বিপিএলের পরবর্তী আসর আগামী ডিসেম্বরে হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টটি এবার স্থগিত হতে পারে। স্পট ফিক্সিংয়ের অভিযোগ, স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির মধ্যে টানাপোড়েন এবং মালিকদের অপেশাদার আচরণ—সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই বিপিএলের ভাবমূর্তি প্রশ্নের মুখে।

২০২৪ সালের বিপিএলে ওঠা স্পট ফিক্সিংয়ের অভিযোগ তদন্তে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদনে বেশ কিছু সমস্যা চিহ্নিত করে পরবর্তী আসর আয়োজনের আগে সেগুলো সমাধানের সুপারিশ করা হয়। তবে সব সমস্যা সমাধান না করেই পরবর্তী আসর আয়োজন করা হয়েছে। এমনকি স্পট ফিক্সিং তদন্তের প্রতিবেদনও এখনো প্রকাশিত হয়নি।

এ অবস্থায় বিপিএল নিয়ে বিসিবির সামনে দুটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমটি হলো, এবারের আসর স্থগিত রেখে ভালো ও নির্ভরযোগ্য ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করে পরের মৌসুম থেকে নতুনভাবে টুর্নামেন্ট শুরু করা। খেলোয়াড়দের আর্থিক ক্ষতি কমাতে বিপিএলের সময় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি বা অন্য কোনো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথাও ভাবা হচ্ছে।

অন্যদিকে, দ্বিতীয় পরিকল্পনাটি আরও বড় পরিবর্তনের। নেতিবাচক ভাবমূর্তি তৈরি হওয়ায় ‘বিপিএল’ নামটি বাদ দিয়ে নতুন নামে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের চিন্তাও রয়েছে। সেক্ষেত্রে এ বছর বিপিএল না করে নতুন টুর্নামেন্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হতে পারে।

বিসিবির এক পরিচালক বিপিএলের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, অনেক সময় কোনো কোনো দলের খেলোয়াড়দের প্রায় পুরো পারিশ্রমিকই বোর্ডকে পরিশোধ করতে হয়। ফ্র্যাঞ্চাইজিরা অতিরিক্ত দামে খেলোয়াড় কিনে পরে পারিশ্রমিক না দিলে সেই দায়ও বিসিবির ওপর পড়ে। আবার টেলিভিশন স্বত্ব থেকে পাওয়া আয়ের বড় অংশই প্রোডাকশন খরচে চলে যায়। তাঁর প্রশ্ন, এভাবে বিপিএল আয়োজন করে বোর্ডের লাভ কী?

তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা এখনো টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী। তাঁর মতে, ভালো ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সেটি সম্ভব না হলে এক মৌসুম বিরতি দেওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি ভালো প্রতিষ্ঠান এবার ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখিয়েছে।

আজ বিসিবির টুর্নামেন্ট কমিটির সমন্বয় সভায় বিপিএলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা। সেখানে টুর্নামেন্ট স্থগিত, নতুন কাঠামোয় আয়োজন কিংবা নতুন নামে ফ্র্যাঞ্চাইজি লিগ চালুর মতো বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর