সব মতামতকেই সম্মান করি- কাবরেরা
‘আমি সকল মতামতকে সম্মান করি। আমরা অনেক সভাই করেছি বাফুফের বিভিন্ন ম্যানেজম্যান্টের সঙ্গে তারা তাদের বিভিন্ন মতামত দিয়েছে পাশাপাশি আমিও নিজের মত ব্যক্ত করেছি। অনেক কিছুতেই তারা আমার সঙ্গে একমত হয়েছে আবার কিছুতে দ্বিমত। সব কিছুকে আমি স্বাগত জানাই’, কোচ ছাটাইয়ের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই সদস্যের অভিমতের পরিপ্রেক্ষিতে বুধবার এমন কথাই বললেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
গত ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ হারের পেছনে ফুটবলসংশ্লিষ্ট অনেকেই ক্যাবরেরাকে দায়ী করেন। বাফুফে নির্বাহী সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া সরাসরি তার পদত্যাগ দাবি করেছিলেন। সম্প্রতি আরেক সদস্য ছাইদ হাছান কাননও সিঙ্গাপুর ম্যাচ ক্যাবরেরা বেশ কয়েকটি ভুলের সমালোচনা করেছেন।
সেপ্টেম্বর উইন্ডোর জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু করেছে ১৩ আগস্ট। এক সপ্তাহ পর কাল মিডিয়ার সামনে আসেন কোচ কাবরেরা। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালে স্বাগতিকদের সঙ্গে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচের জন্য প্রায় এক মাসের প্রস্তুতি। যেখানে ক্লাবগুলো প্রাক মৌসুম অনুশীলন করার সুযোগ পাচ্ছে না। তবে জাতীয় দলের জন্য কিংস ১০ জন খেলোয়াড় ছাড়েনি। ফলে অনুশীলনে পূর্ণাঙ্গ রুপ পায়নি। ১৩ জনকে নিয়েই অনুশীলন চালিয়ে যাচ্ছেন কাবরেরা।
এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘বসুন্ধরা কিংসের ১০ জন খেলোয়াড় নেই। অবশ্যই এটা একটু প্রভাব ফেলবে। তবে যারা আছে তারা ভালো অনুশীলন করছে।’
নেপালে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচ নিয়ে জামাল বলেন, ‘ইনশাল্লাহ আমরা জিতব। এবার আমরা জিততে পারি। যারা আছে তাদের পারফর্ম করতে হবে। যারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত।’ নিজের পারফরম্যান্স নিয়ে জামালের কথা, ‘শেষ ৩ ম্যাচে আমি শুধু এক ম্যাচে খেলেছি। ভুটানের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছি। পরবর্তী ম্যাচে আমি খেলব কি না এটা কোচের সিদ্ধান্ত। তবে অবশ্যই খেলতে না পেরে খারাপ লাগছে। ফুটবলার হিসেবে আমি খেলতে চাই। ফুটবলে এমনটা স্বাভাবিক। সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা। আপনাদের এখানেও প্রতিদ্বন্দ্বিতা আছে তাই না।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: