[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সিমিওনের লাল কার্ড, নাটকীয় জয় লিভারপুলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ এএম

আবারও শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছে লিভারপুর। এবার ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগে। যোগ করা সময়ে ভার্জিল ফন ডাইকের গোলে ৩-২ ব্যবধানে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তারা।

এই ম্যাচেও আর্নে স্লটের দল দুই গোলের লিড হারিয়ে বসে। তারপর দারুণ প্রত্যাবর্তনে নিশ্চিত করে জয়। টানা পঞ্চম ম্যাচে ৮৩ মিনিটের পর গোল করে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। এবার যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে হেডে জয়সূচক গোল করেন অধিনায়ক ফন ডাইক।


অ্যানফিল্ডে গ্যালারি তখন উন্মত্ত, কিন্তু অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে গ্যালারির দর্শকদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে ম্যাচ রেফারি মরিসিও মারিয়ানি তাকে লাল কার্ড দেখান।


অবশ্য এদিন ব্রিটিশ রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাকের অভিষেক স্লানই হয়ে যায় লিভারপুলের পুরোনো তারকাদের সামনে। নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে আসা ইসাককে মূল একাদশে রাখেন কোচ, কিন্তু সুইডেনের হয়ে মাত্র ১৮ মিনিট খেলে এসেছিলেন তিনি।

ইসাক ছন্দ খুঁজে পাওয়ার আগেই অ্যান্ডি রবার্টসন আর মোহাম্মদ সালাহ প্রথম ছয় মিনিটের মধ্যে দুই গোল তুলে নেন।

প্রথমার্ধের মাঝপথে ইসাক ধীরে ধীরে ছন্দ খুঁজে পান। নতুন সতীর্থ ফ্লোরিয়ান ভির্টজের সঙ্গে তার বোঝাপড়াও দেখা যায়, যদিও মাত্র এক সপ্তাহের প্রস্তুতি ছিল তাদের। ৩১ মিনিটে রবিন লে নরমঁর ট্যাকলে আহত হলেও ইসাক জ্বলে ওঠেন। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাননি।

এরই মধ্যে ২০২০ সালে অ্যানফিল্ডে জোড়া গোল করা মার্কোস লোরেন্তে ৪৫+৩ মিনিটে গোল করে অ্যাতলেতিকোকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন। আলিসন অভিযোগ তুলেছিলেন গ্রিজমান অফসাইডে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেননি। বিরতির পর লোরেন্তে আরও একটি গোল করে ম্যাচে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান।

তবে শেষ হাসি হাসে লিভারপুলই। ইব্রাহিমা কোনাতের সুযোগ নষ্ট হওয়ার পর ৯০+২ মিনিটে ফন ডাইক দেখিয়ে দেন কর্নার থেকে কীভাবে গোল করতে হয়।

অপর দিকে একপেশে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পিএসজি। আতালান্তাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। ইন্টার মিলান অবশ্য ২-০ গোলে আয়াক্সকে হারিয়েছে। আর চেলসির বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর