[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখল ১০ জনের কিংস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

এবার বসুন্ধরা কিংসের জয়ের ব্যবধান ৪-১ গোলে। ফলে প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন তারাই।


ঘটনাবহুল এক ম্যাচ জিতে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দ্বিতীয়বারে মতো নিজেদের করে নিল ১০ জনের দলে পরিণত হওয়া কিংস। শুক্রবার কুমিল্লায় অনুষ্ঠিত এক ম্যাচের টুর্নামেন্টে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়েছে তারা। গত বছর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত প্রথম আসরেও তারা শিরোপা জিতেছিল সাদা কালোদের ৩-১ গোলে হারিয়ে। দুই ব্রাজিলিয়ান ডরিয়েলট গোমেজ দুটি ও রাফায়েল আগস্তু একটি এবং ঘানার এমানুয়েল সানডে একটি গোল করেন। মোহামেডানের হয়ে এক গোল করেন মোজাফফরভ।


এক ম্যাচে কত কিছুই না ঘটল। মাঠ প্রস্তুত না থকায় ১১ মিনিট দেরিতে খেলা শুরু হয়। এক ম্যাচে দুটি পেনাল্টি পায় দুই দল। কিংসের সোহেল রানার লালকার্ড দেখা। মাঠে দর্শকদের সেই স্মোক ফ্লোয়ার। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। শেষ ১৮ মিনিটে কিংসের তিন গোল। কুমিল্লার দর্শকরা এমন ঘটনাবহুল এক ম্যাচই দেখলেন।
প্রতিশোধের আগুনে জ্বেলেছিলেন মোহামেডানের খেলোয়াড়রা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের গত আসরে দর্শক উচ্ছৃঙ্খলায় দলটি হেরেছিল কিংসের কাছে। এবার মোহামেডানের লক্ষ্য ছিল, সেই হারের প্রতিশোধ নিয়ে নিজেদের ঘরে না থাকা এই ট্রফিটি যোগ করার। ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর মোহামেডানের সামনে দারুণ সুযোগ এসেছিল ৬৩ মিনিটে, যখন প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হয়।


তাতে কী? কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিংস বুঝিয়ে দিয়েছে, কখনো কখনো খেলোয়াড়ের সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে খেলোয়ায়াড়দের কোয়ালিটি। তাই ১০ জনের দলে পরিণত হওয়ার পর কিংস গুনেগুনে ৩ গোল দিয়েছে মোহামেডানের জালে।

৭ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ডরিয়েলটনের গোলে লিড নেয় কিংস। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান উজবেকিস্তানের মুজাফফরভ। প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেছিলেন কিংসের সোহেল রানা। ৬৩ মিনিটে মাঝমাঠে মিনহাজুল রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন তিনি। এতে ১০ জনের দলে পরিণত হয় কিংস।


মোহামেডান এরপর আর কোনো আক্রমণই করতে পারেনি কিংসের রক্ষণে। উল্টো একজন কম খেলোয়াড় নিয়ে মোহামেডানের ওপর চড়াও হতে থাকে কিংস। ৬৬ মিনিটে ডরিয়েলটনের হেড গোলরক্ষক সুজন হোসেন রুখে দিলেও পরের আক্রমণ থেকে ঠিকই ব্যবধান বাড়িয়ে নেন কিংসের আরেক ব্রাজিলিয়ান রাফায়েল।

৭৪ মিনিটে আবার গোল কিংসের। ডরিয়েলটনের বাড়ানো বলে গোল করেন গত মৌসুমে মোহামেডানের জার্সিতে দুর্দান্ত খেলা এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে ডরিয়েলটন নিজেদের দ্বিতীয় গোল করলে কিংস এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। ৮০ মিনিটে মোহামেডান সমর্থকরা মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করলে কিছু সময় খেলা বন্ধ থাকে।

শেষ পর্যন্ত গোল আর বাড়েনি। ১০ জনের দল নিয়ে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে নেয় কিংস।

এ ম্যাচ দিয়ে বসুন্ধরা কিংসের ডাগআউটে অভিষেক হয়ে আর্জেন্টাইন কোচ মারিও কার্লোস গোমেজের। প্রথম ম্যাচেই প্রথম ট্রফি জেতার সুবাদে দারুণ অভিষেকই হলো এই আর্জেন্টাইন কোচের।

এক নজরে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ (২)
চ্যাম্পিয়ন- কিংস
রানার্সআপ- মোহামেডান
ম্যান অব দ্য ম্যাচ- রাফায়েল আগস্তু (কিংস)

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর