[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

হংকং চায়নার বিপক্ষে জয় পেতে মুখিয়ে সোহেল-মিতুলরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে দুই ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে সোমবার। আজ প্রথম দিনের অনুশীলনে এসে মাঠে নামার আগেই নিজেদের লক্ষ্যের জানিয়ে দিলেন মিডফিল্ডার সিনিয়র সোহেল রানা।

বেলা সাড়ে চারটা। আকাশে মেঘের ঘনঘটা। এর মধ্যেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে একে একে প্রবেশ করতে থাকেন ফুটবলাররা। আজ মঙ্গলবার আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ফ্লাডলাইটের আলোয় অনুশীলন শুরু হয় বেলা চারটা ৫০ মিনিটে। কিন্তু খুব বেশিক্ষণ শিষ্যদের নিয়ে অনুশীলন চালিয়ে যেতে পারেননি স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। বেলা ৫টা ২০ মিনিটে মুষলধারে বৃষ্টি শুরু হয়। চলতে থাকে অনুশীলন। কিন্তু বজ্রপাতের জন্য খুব বেশি সময় আর মাঠে টিকতে পারেননি জামল ভূঁইয়া, তপু বর্মনরা। ফলে বাধ্য হয়েই সাড়ে পাঁচটায় দৌঁড়ে মাঠ ছাড়েন ফুটবলাররা।

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে দুই ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে সোমবার। আজ প্রথম দিনের অনুশীলনে এসে মাঠে নামার আগেই নিজেদের লক্ষ্যের জানিয়ে দিলেন মিডফিল্ডার সিনিয়র সোহেল রানা। ম্যাচের অনেক আগেই টিকিট বিক্রি হয়েছে শুনে খুশি তিনি। সোহেল রানার কথায়, ‘তাড়াতাড়ি টিকিট সোল্ড আউট হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক এক বার্তা। একইসঙ্গে আমাদের খেলোয়াড়দের দায়িত্ব আরও বেড়ে যায়। কারণ সিঙ্গাপুর ম্যাচেও একই জিনিস ঘটেছে। দর্শকেরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি। কিন্তু পারিনি। হংকংয়ের ম্যাচটা চাইব ঘরের মাঠে যেন জিততে পারি।’

জয়ের জন্য মরিয়া সোহেল বলেন, ‘দর্শকরা আমাদের সমর্থন করে মাঠে আসেন। তাই আমরা চাইব ম্যাচটা জিততে। কোয়ালিফাই করতে হলে এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা ম্যাচটা সেভাবেই দেখছি। যেভাবেই হোক জিততে হবে। এটাই আমাদের প্রথম ফোকাস।’ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সোহেলের কথা, ‘একটা দলের যত চ্যালেঞ্জ থাকবে তা দলের জন্য ভালো। এই চ্যালেঞ্জটা থাকা উচিত। একই পজিশনে দুই-তিন-চারজন খেলোয়াড় রয়েছেন। তা দলের শক্তি হিসেবেই বিবেচনা করছি। প্রত্যেক পজিশনে যদি খেলোয়াড় থাকে, তাহলে এটা দলের জন্যই ভালো। আর এটা অবশ্যই ভালোভাবেই দেখতেছি।’

নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন রাঙামাটির ছেলে গোলকিপার মিতুল মারমাও। তার আগে পাহাড়ে অস্থিরতা সম্পর্কে তিনি বলেন, ‘শুধু পাহাড় না, যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টা নিয়ে লিখেছিলাম। আসলে শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোনো জায়গায় এমনটা হওয়া উচিত না। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলাম। আমরা সবাই বাংলাদেশি। এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। আমি মনে করি পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্য ভালো, সবার জন্য ভাল।’

হংকং চায়নার ম্যাচ নিয়ে এই গোলকিপারের কথা, ‘আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি হংকং ম্যাচের জন্য। নেপালের বিপক্ষে যেহেতু খেলতে পারিনি, আমি চাইব হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে ভালো কিছু করার। সুযোগ পেলে আমার নিজের সর্বোচ্চটা দেব।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর